ইসলামপুরের পন্ডিতপোতা-২ তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে দূনীর্তির অভিযোগ তুলে বিডিও অফিসে ধর্নায় দলীয় কর্মীরা

স্বরূপ দত্ত, আমাদের ভারত, ইসলামপুর, ৪ মার্চ: ইসলামপুর ব্লকের পন্ডিতপোতা-২ তৃণমূল কংগ্রেস পরিচালিত গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে দূনীর্তির অভিযোগ তুলে বিডিও অফিসে ধর্নায় বসলেন দলীয় কর্মীরা। পঞ্চায়েত প্রধান এই অভিযোগ অস্বীকার করে বলেন, ভোটের আগে বিজেপির কাছে মোটা টাকা নিয়ে তৃণমূল কংগ্রেসের বদনাম করছে। আন্দোলনকারীদের দালাল বলে অভিহিত করেন পঞ্চায়েত প্রধান।

ইসলামপুর ব্লকের পন্ডিতপোতা-২ গ্রাম পঞ্চায়েতে কোটি কোটি সরকারি টাকা তছরূপের অভিযোগ করে গ্রাম পঞ্চায়েতের অফিসের সামনে বেশ কিছুদিন আগে ধর্নায় বসেছিল এলাকার তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি নূর আলম। প্রশাসন তার দাবিকে গুরুত্ব দেয়নি। তার দাবি, গুরুত্ব না পাওয়ায় এলাকার বেশ কয়েকজনকে সঙ্গে নিয়ে ইসলামপুর বিডিও অফিসে বৃহস্পতিবার ধর্নায় বসেন। তৃণমূল কংগ্রেসের ফ্ল্যাগ নিয়েই তারা বিডিও অফিসে হাজির হয়েছিলেন। প্রশাসনের কর্তারা সেখানে হাজির হওয়ায় দফতর থেকে ফ্ল্যাগ সরিয়ে ফেলা হয়।

আন্দোলনকারী যুব তৃণমূল কংগ্রেস নেতা নূর আলমের অভিযোগ, সরকারি পাঁচ কোটি টাকা তছরূপের লিখিতভাবে প্রশাসনের কাছে অভিযোগ করেছিলেন। প্রশাসন সেই অভিযোগকে আমল না দেওয়ায় তারা বিডিও অফিসে ধর্নায় বসেছেন। পন্ডিতপোতা-২ গ্রাম পঞ্চায়েত প্রধান রাজি বেগমের অভিযোগ, যারা এই আন্দোলন করছেন তারা কেউ তৃণমূল কংগ্রেসের সমর্থক নন। মুখ্যমন্ত্রী এলাকার উন্নয়নের জন্য অর্থ বরাদ্দ করেছেন। উন্নয়নের টাকা খরচ করার আগে তাদের টাকা দিতে হবে। নূর আলমের এই দাবি তিনি মেনে নেননি। ভোটের আগে বিজেপির কাছ থেকে মোটা টাকা নিয়ে দলকে বদনাম করতেই এধরনের মিথ্যা প্রচার করছেন। তিনি ২৫ হাজার মানুষের প্রধান হলেও এই চার পাঁচজন গ্রামবাসী তার বিরুদ্ধে মিথ্যা প্রচার করছেন। এটা তিনি মেনে নেবেন না। দলের ফ্ল্যাগ নিয়ে দলকে কালিমালিপ্ত করার অভিযোগে অভিযুক্ত নূর আলমের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি করেছেন প্রধানও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *