আশিস মণ্ডল, আমাদের ভারত, বীরভূম, ২৬ সেপ্টেম্বর: কয়েক দিন নিখোঁজ থাকার পর এক শিশু ও ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার করল বোলপুর এবং মুরারই থানার পুলিশ। দুটি মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বেশ কয়েক দিন নিখোঁজ ছিল শান্তিনিকেতন থানার পারুলডাঙ্গা গ্রামের এক শিশুকন্যা। শনিবার গভীর রাতে শিশুর মৃতদেহ উদ্ধার হয় গ্রামের পুকুর থেকে। শিশু কন্যার নাম পল্লবী মুরমু। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এলাকাবাসীর দাবি, মেনে পুলিশ কুকুর নিয়ে তদন্ত শুরু করে পুলিশ। তবে রাতভর তল্লাশি চালিয়েও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
অন্যদিকে দু’দিন নিখোঁজ থাকার পর পরিত্যক্ত খাদানের জলাশয় ভাসমান অবস্থায় উদ্ধার হল স্থানীয় এক মুদির দোকানের ব্যবসায়ীর মৃতদেহ। মৃত ব্যবসায়ীর নাম রাজকুমার ভকত (৫৪)। রবিবার রাজগ্রাম সংলগ্ন এলাকার একটি পরিত্যক্ত পাথর খাদানের জলাশয় থেকে তার মৃতদেহটি উদ্ধার হয়। তার বাড়ি বীরভূমের মুরারই থানার রাজগ্রামে। শনিবার সকালে তিনি বাড়ি থেকে বেড়িয়ে যান। এরপর আর বাড়ি ফেরেননি তিনি।রবিবার সকালে ওই খাদানের পুকুরে তার মৃতদেহ ভাসতে দেখেন স্থানীয় মানুষজন। তারা পুলিশে খবর দিলে মুরারই থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান পরিত্যক্ত পাথর খাদানে পা হড়কে পড়ে গিয়েই মৃত্যু হয়েছে ওই ব্যবসায়ীর।

