Awarded, Classical music, শাস্ত্রীয় সঙ্গীতের প্রসারে ‘মদন কুমার মেহতা মঙ্গলাচরণ বাইজু বাওরা পুরষ্কার’ প্রদান দুই শিল্পিকে

আমাদের ভারত, কলকাতা, ২৫ নভেম্বর: শাস্ত্রীয় সঙ্গীতের প্রসারে প্রথম ‘মদন কুমার মেহতা মঙ্গলাচরণ বাইজু বাওরা অ্যাওয়ার্ড’ প্রদান করা হল প্রখ্যাত তবলা বাদক পণ্ডিত কুমার বসু ও বিশিষ্ট সঙ্গীত শিল্পী ইন্দ্রাণী মুখোপাধ্যায়কে। ১০ মঙ্গলাচরণ সঙ্গীত সম্মেলন উপলক্ষে কলকাতার শিশির মঞ্চে আয়োজিত এক অনুষ্ঠানে মদন কুমার মেহতা ফাউন্ডেশানের উদ্যোগে এই পুরষ্কার তুলে দেন মদন কুমার মেহতা ফাউন্ডেশনের প্রতিনিধি ও সিনিয়র অ্যাডভোকেট সুধীর কুমার মেহতা ও সমাজকর্মী সান্তা কুমারী মেহতা।

মদন কুমার মেহতা জানান, ‘মার্জিন টু মেইনস্ট্রিম’ মূলত একটি ভাবনা, যার লক্ষ্য সমাজের পিছিয়ে পড়া ও প্রান্তিক অংশের মানুষকে শিক্ষার মাধ্যমে মূলস্রোতে নিয়ে আসা। বিশেষত উচ্চশিক্ষা ও কারিগরি শিক্ষার সুযোগ তৈরি করে তাঁদের স্বনির্ভর এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলাই ছিল এই উদ্যোগের প্রাথমিক উদ্দেশ্য।

তিনি জানান, এই যাত্রাপথেই মঙ্গলাচরণের সঙ্গে তাঁর পরিচয় এবং ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত, বিশেষ করে রাগসঙ্গীতের সৌন্দর্য ও গভীরতা তাঁকে নতুনভাবে অনুপ্রাণিত করে। তাঁর কথায়, একজন সফল ইঞ্জিনিয়ার, পেশাদার কিংবা প্রতিষ্ঠিত ব্যক্তি হওয়ার পাশাপাশি একজন ভালো মানুষ হয়ে ওঠাও সমান জরুরি। আর মানুষের মনন, মূল্যবোধ ও মানবিকতার বিকাশে সঙ্গীত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সঙ্গীত যেন শিক্ষার সঙ্গে যুক্ত হয়ে মানুষের ব্যক্তিত্বকে আরও সুন্দর করে তোলে। সুধীর মেহতা আরও জানান, তাঁর পিতা মদন কুমার মেহতা ছিলেন একজন সাহিত্য প্রতিভা, পণ্ডিত ও বিদগ্ধ ব্যক্তিত্ব। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েই এই পুরস্কারের সূচনা করা হয়েছে।

এদিনের অনুষ্ঠানে প্রকাশিত হয় ‘ইন্দ্রাণী’ শীর্ষক একটি বই। ঠুমরি- দাদরা সঙ্গীতের উপর প্রকাশিত এই বইটি ভোপালের সরোজিনী নাইডু গভর্নমেন্ট গার্লস পিজি কলেজের সঙ্গীত বিভাগের উদ্যোগে প্রকাশিত হয়েছে।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকর্মী ও মানবহিতৈষী শান্তা কুমারী মেহতা। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমতী শ্বেতাম্বর স্থানকবাসী, জৈন সভার সম্পাদক বিনোদ কাঁকরিয়া এবং সভাপতি বিনোদ মিননি। এছাড়াও উপস্থিত ছিলেন মঙ্গলাচরণের সভাপতি ড. অমিত কে রায়, সম্পাদক অপূর্ব মুখোপাধ্যায়- সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *