রাজেন রায়, কলকাতা, ৫ এপ্রিল: ২৪ ঘণ্টা আগে কয়লা পাচার কাণ্ডে তৃণমূলের যুব কংগ্রেস সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ৯০০ কোটি টাকা দুর্নীতির অভিযোগ করেছিলেন শুভেন্দু অধিকারী। সেই সাংবাদিক বৈঠকের প্রেক্ষিতে এ বার পালটা ফৌজদারি মামলা করার হুঁশিয়ারি দিল তৃণমূল কংগ্রেস।
শাসকদলের পক্ষ থেকে এ দিন আবারও স্পষ্টভাবে জানানো হয়, মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম ব্যাতীত কোনও আসনেই লড়বেন না। তবে লোকসভার প্রসঙ্গ টেনে কিছুটা খোঁচা দেওয়ার সুরে আশঙ্কা করা হয়েছে, প্রধানমন্ত্রী শেষ দু’দফায় বাংলা থেকে লড়বেন কি না!
এ দিন তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকে ব্রাত্য বসু বলেন, “বিজেপি যার স্টিং অপারেশনের ভিডিও ভাইরাল করেছিল, তিনিই আবার দুর্নীতির অভিযোগ তুলছেন। সব সংস্থা কেন্দ্রের অধীনে রয়েছে। আমরা স্বাগত জানাচ্ছি সবরকম তদন্তকে। সেটা যেন নিরপেক্ষ হয়। কয়লা কাণ্ডে সবার প্রথমে কয়লামন্ত্রীর পদত্যাগ করা উচিত।” একই সঙ্গে বিজেপির গতকালের সাংবাদিক বৈঠকের পালটা ফৌজদারি মামলা করা হবে বলেও জানান তিনি। রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন বলেন, “রাফাল মামলায় এতদিন কী চুপি চুপি রাখা হয়েছিল?” হাজারিবাগ থেকে সাংবাদিক বৈঠক করে সেই তথ্য তৃণমূলের সর্বভারতীয় সহ-সভাপতি যশবন্ত সিনহা প্রকাশ্যে আনবেন বলে দাবি করেন ডেরেক। অর্থাৎ কয়লা পাচারের পাল্টা রাফাল মামলা করতে চাইছে তৃণমূল।

