নিয়োগ দুর্নীতিতে যুক্ত তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার, অভিযোগ করতেই বিজেপি নেতাকে তুই তোকারি সম্বোধন করে হুঁশিয়ারি

আমাদের ভারত, ২০ এপ্রিল: নিয়োগ দুর্নীতিতে আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার জড়িত বলে টুইট করেছিলেন বিজেপির যুব নেতা তথা আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি।এবার বিজেপির এই যুব নেতার অভিযোগের বিরুদ্ধে বলতে গিয়ে রীতিমতো তুই তরকারি সম্বোধন করলেন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার। একইসঙ্গে তার বিরুদ্ধে করা অভিযোগের প্রমাণের জন্য তরুণজ্যোতিকে পাঁচ দিনের সময় বেঁধে দিয়েছেন তিনি।

এর আগে নিয়োগ দুর্নীতিতে অপরূপার বিরুদ্ধে সরব হয়েছিলেন শুভেন্দু অধিকারী।বিরোধী দলনেতার টুইট নিয়ে বাদানুবাদে তার কাছে হুমকির মেসেজ যায় বলে অভিযোগ দলের সাংসদের। এর মধ্যে গ্রুপ সি নিয়োগে অপরূপা পোদ্দার বেশ কয়েকটি নাম সুপারিশ করেছিলেন বলে দাবি করে টুইট করেন বিজেপি নেতা তরুণ জ্যোতি তিওয়ারি। টুইটে বেশ কয়েকজনের নামের তালিকা প্রকাশ করেছেন তিনি। একইসঙ্গে দাবি করেছেন, নিয়োগ দুর্নীতি কাণ্ডে অপরূপা পোদ্দারকে গ্রেপ্তার করা উচিত।

বিজেপি যুবনেতার টুইটের পরই একেবারে তুই তোকারি সম্বোধন করে পাল্টা টুইট করেন তৃণমূল সাংসদ। তরুণজ্যোতি তিওয়ারিকে উদ্দেশ্য করে তিনি লেখেন, তার বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণ করতে না পারলে তার বিরুদ্ধে তিনি আইনি পদক্ষেপ করবেন। ওই টুইটে বিরোধী দলনেতাকে “বাংলার গদ্দার” বলেও সম্বোধন করেছেন তিনি। যদিও তরুণজ্যোতি কিন্তু তাকে আপনি সম্বোধন করেই আক্রমণ শানিয়েছেন।

আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিলেও দমে যাওয়ার পাত্র নন তরুণজ্যোতি। তিনি পরের টুইটে আরামবাগের সাংসদকে আফরিন আলী বলে সম্বোধন করে বিঁধেছেন। সেখানে তিনি লিখেছেন, “আপনি দেশের মাননীয়া সাংসদ আফরিন আলী ম্যাডাম। প্রমাণ তো দিয়ে দিলাম। পড়তে পারেন না চোখ দেখান ভালো করে।”

নিয়োগ দুর্নীতিতে সিবিআইয়ের হাতে তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা গ্রেফতারের পর অপরূপা পদ্দারকে খোঁচা দেন রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেন, অপরূপা পোদ্দার নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত। অন্যদিকে অপরূপা বলেন, অধিকারী পরিবারের তরফে তাকে বিজেপিতে যোগ দেওয়ার কথা বলা হয়েছিল। আর তিনি তা করেননি বলেই তার বিরুদ্ধে এই সমস্ত করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *