উলুবেড়িয়ায় তৃণমূল ত্যাগ আব্বাসের, যোগ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে

আমাদের ভারত, হাওড়া, ১৩ মার্চ: উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রে তাঁর ভূমিপুত্রের দাবিকে মান্যতা না দিয়ে প্রাক্তন ফুটবলার বিদেশ বসুকে প্রার্থী করায় তৃণমূলের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে (ISF) যোগ দিলেন হাওড়া জেলা তৃণমূল যুব কংগ্রেসের সহ-সভাপতি তথা উলুবেড়িয়া পুরসভার ভাইস-চেয়ারম্যান আব্বাস উদ্দিন খান। শনিবার সকালে দল ছাড়ার সিদ্ধান্তের কথা ঘোষণা করার পরে সন্ধ্যায় আই এস এফের পতাকা তুলে নেন আব্বাস। তবে দলে যোগ দিলেও উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন কিনা তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়ে গেছে। আব্বাস দল পরিবর্তন করলেও তৃণমূলের কোনও ক্ষতি হবেনা বলে দাবি জেলা তৃণমূল নেতৃত্বের।

বিধানসভা নির্বাচনের আগে থেকেই উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রে ভূমিপুত্রকে প্রার্থী করার দাবি নিয়ে তৃণমূলের একাংশ দলের ঊর্ধ্বতন নেতৃত্বের কাছে আবেদন করেছিল। এমনকি যদি তাঁদের দাবি দল মান্যতা না দেয় তাহলে তাঁরা বিকল্প পথে হাঁটার ইঙ্গিতও দিয়েছিলেন। যদিও দলের শীর্ষ নেতৃত্ব এই দাবিকে মান্যতা না দিয়ে উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রে প্রার্থী হিসেবে প্রাক্তন ফুটবলার বিদেশ বসুর নাম ঘোষণা করে।

আর এরপরেই ক্ষোভে ফেটে পড়ে বিক্ষুব্ধ তৃণমূলের নেতাকর্মীরা। দুপুরে প্রার্থী তালিকা ঘোষণার পরেই উত্তাল হয়ে ওঠে উলুবেড়িয়া। বহিরাগত প্রার্থীকে মানা হবে না এই দাবিতে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে বিক্ষোভকারীরা। এমনকি রাতে বিদেশ বসুর নামে লেখা দেওয়ালও মুছে দেয় বিক্ষোভকারীরা। শুধু এই কর্মসূচিতেই ক্ষান্ত থাকেনি বিক্ষোভকারীরা। উলুবেড়িয়া শহরে প্রতিবাদ মিছিল বের করে। আর সেই মিছিলে তৃণমূলের একাধিক নেতা কর্মীদের সঙ্গে রাস্তায় দেখা যায় আব্বাস উদ্দিন খানকে। যদিও এই বিক্ষোভেও তৃণমূলের শীর্ষ নেতৃত্ব তাদের সিদ্ধান্ত বদলায়নি। পাশাপাশি শুক্রবার থেকে বিদেশ বসু প্রচার শুরু করায় দল থেকে সরে আসার সিদ্ধান্ত নেন আব্বাস। আর তারপরে শনিবার দলের সমস্ত পদ থেকে পদত্যাগের কথা ঘোষণা করেন আব্বাস উদ্দিন খান। এদিন দল ছাড়া প্রসঙ্গে আব্বাসের বক্তব্য, তৃণমূলে তাঁর প্রয়োজন ফুরিয়েছে। আর সেইজন্য তৃণমূল ত্যাগের সিদ্ধান্ত। অন্যদিকে সাধারণ মানুষের স্বার্থে কাজ করার জন্য অন্য দলে যোগ দেওয়া।

এদিকে আব্বাস উদ্দিন খান দল ছাড়া প্রসঙ্গে হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পুলক রায় জানান, ফোনে আব্বাস তার সিদ্ধান্ত জানিয়েছেন। এটা ওর ব্যক্তিগত সিদ্ধান্ত। নির্বাচনের আগে আব্বাসের এই দল ত্যাগের কোনও প্রভাব পড়া প্রসঙ্গে পুলক রায় জানান, তৃণমূলের প্রকৃত কর্মীরা সঙ্গবদ্ধ আছে, সুতরাং আব্বাসের দলত্যাগের কোনও প্রভাব পড়বে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *