সাথী দাস, পুরুলিয়া, ২২ জুন: রেকর্ড ভিড় করার লক্ষ্যে একুশে জুলাইকে কেন্দ্র করে পুরুলিয়া জেলাজুড়ে দেওয়াল লিখন শুরু করল তৃণমূল কংগ্রেস। ভোট প্রচারের ঢঙে নেতা কর্মীরা রং তুলি নিয়ে দেওয়াল লিখন করছেন। অনুগামীদের নিয়ে কিছু নেতা পেশাদার শিল্পীর লেখার উপরে তুলি ধরে ছবি তুলছেন। দলীয় নির্দেশ, অক্ষরে অক্ষরে পালন করতে বদ্ধপরিকর যে তাঁরা। ওই ছবি দলের নির্দিষ্ট দলীয় হোয়াইটসঅ্যাপ গ্রুপে দেওয়ার জন্য ফরমান দিয়েছে দল। এছাড়া সোশ্যাল মিডিয়াতেও দেওয়াল ভরাছেন প্রচার মুখী নেতা কর্মীরা। যেন হিড়িক লেগে গিয়েছে। একটা অলিখিত প্রতিযোগিতা শুরু হয়েছে। পুরুলিয়ায় এখন তৃণমূলের চাল চিত্র এটাই।
এদিকে ২১ জুলাইয়ের কর্মী সমর্থকদের কলকাতা নিয়ে যাওয়ার জন্য অর্থের যোগান কীভাবে হবে সেই নিয়ে চিন্তার ভাঁজ দেখা দিয়েছে নেতাদের কপালে। দলের লক্ষ্য রয়েছে ২১শে জুলাইয়ের শহিদ সভায় অন্তত তিরিশ হাজার কর্মী সমর্থকদের ধর্মতলায় নিয়ে যাওয়া। এবার জেলার নেতাদের চাঁদা তোলার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে তৃণমূল কংগ্রেস। তাহলে, বাস, ছোট গাড়ির ভাড়া, কর্মীদের খাওয়ায় ব্যবস্থা কীভাবে হবে? প্রশ্ন তৃণমূল ব্লক, অঞ্চল, বুথ নেতাদের।

এই বিষয়ে তৃণমূল জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া বলেন, “সব বিষয়ে আমাদের দলের সংশ্লিষ্ট কমিটি ও নেতৃত্ব ভাবছেন। সবটাই সুশৃঙ্খলভাবে ব্যবস্থা হচ্ছে।” এদিকে ২১ জুলাইয়ের প্রস্তুতি সভা জেলা স্তরে ২৬ জুন দলীয় সদর কার্যালয়ে হবে। তার পরই কর্মীদের উজ্জীবিত করতে ব্লকে প্রস্তুতি সভা করবে তৃণমূল।

