“আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত তৃণমূল সরকার”, তোপ এসইউসিআই (সি)-র

আমাদের ভারত, ২০ মে: মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে ধর্নায় বসতে যাওয়া ছাত্র-যুবকদের উপর পুলিশী অত্যাচার এবং ৫১ জনকে গ্রেফতারের নিন্দা জানাল
এসইউসিআই (সি)। শুক্রবার দলের রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য এ ব্যাপারে এক বিবৃতি দিয়েছেন। অবিলম্বে এসএসসি’তে দুর্নীতিগ্রস্ত সকল ব্যক্তির শাস্তি এবং যথার্থ মেধাতালিকা প্রকাশ ও তালিকাভুক্তদের দ্রুত নিয়োগের দাবিতে এ দিন বিক্ষোভ মিছিল করেছিল এসইউসিআই (সি)।

দলের বিবৃতিতে লেখা হয়েছে, “আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত তৃণমূল সরকার বিশেষ করে শিক্ষক নিয়োগে যে ব্যাপকতায় এবং নগ্নভাবে কেলেঙ্কারিতে যুক্ত হয়েছে তা নিন্দার ভাষা নেই। দুর্নীতি বন্ধের চেষ্টার পরিবর্তে যারা দুর্নীতির প্রতিবাদ করছে, তাদের উপর নির্যাতন চালাচ্ছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী বলছেন, কাউকে দুর্নীতি করতে দেব না— অথচ তাঁরই মন্ত্রিসভার মন্ত্রীরা চূড়ান্ত দুর্নীতিতে অভিযুক্ত।

তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নিয়ে বিগত সিপিএম সরকার চিরকুট দিয়ে লোক নিয়োগের প্রমাণ তাঁর কাছে আছে বলে বলছেন। বলছেন, শতকরা ৯৯ ভাগ সৎ আর মাত্র ১ শতাংশ ভুল করে ফেলেছে। একি দুর্নীতির বিরুদ্ধে লড়াই, নাকি এই সব বলে তাঁর মন্ত্রী ও আমলাদের দুর্নীতিকে আড়াল করার চেষ্টা? একথা ঠিক যে, কেন্দ্রে রাজ্যে যারাই ক্ষমতায় ছিল বা আছে তারা সকলেই দুর্নীতির দায়ে অভিযুক্ত। কিন্তু তাই বলে সেই অজুহাতে তৃণমূলের এই চূড়ান্ত দুর্নীতি সামান্যতম বৈধতা পেতে পারে না।

আমরা অবিলম্বে উপযুক্ত তদন্তের মাধ্যমে
এসএসসি’তে দুর্নীতিগ্রস্ত সকল ব্যক্তি— তা তিনি যতই প্রভাবশালী হোন না কেন, তাদের সকলের শাস্তির দাবি জানাচ্ছি। ইতিমধ্যে মন্ত্রীকন্যার নিয়োগ হাই কোর্টের আদেশে বাতিল হয়েছে। আমরা সরকারের কাছে বেআইনি সকল নিয়োগ বাতিল করে অবিলম্বে মেধা তালিকাভুক্ত প্রার্থীদের নিয়োগ করার এবং বঞ্চিতদের ক্ষতিপূরণের দাবি করছি।

প্রসঙ্গত, কৌশলে দুর্নীতিকে আড়াল করতে কিছু নিয়োগের যে নোটিফিকেশন জারি করা হয়েছে, তাতে নবম থেকে দ্বাদশ সমস্ত ওয়েটিং প্রার্থীরা তাদের ন্যায্য চাকরি থেকে বঞ্চিত হবে। তাই শুধু মেধাতালিকা নয়, সকল পরীক্ষার্থীদের তালিকা প্রকাশ করারও দাবি জানাচ্ছি। জনসাধারণকে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনে সামিল হতে আহ্বান জানাচ্ছি।“

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *