আমাদের ভারত, ৭ ফেব্রুয়ারি: প্রতি মুহূর্তে তৃণমূল কংগ্রেস নাটক করে চলেছে। রাজ্যের মানুষ সেই নাটক দেখতে দেখতে ক্লান্ত। মুখ্যমন্ত্রীর সেন্ট জেভিয়ার্স কলেজে ডি লিট পাওয়া সহ ৩০ মিনিটে বাজেট তৈরী করে দেওয়ার মন্তব্যের প্রেক্ষিতে সুকান্ত মজুমদার বলেন, তৃণমূল কংগ্রেস এখন পলিটিক্যাল সার্কাসে পরিণত হয়েছে।
দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হন বিজেপির রাজ্য সভাপতি। সেখানে তাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডি লিট পাওয়ার বিষয়টি নিয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, “তৃণমূল কংগ্রেসে এখন নাটক ছাড়া কিছু চলছে না। কোথাও ডি লিট পাওয়ার নাটক চলছে, কোথাও মুখ্যমন্ত্রী ৩০ মিনিটে বাজেট করে দেওয়ার কথা বলছেন।” তিনি কটাক্ষ করে বলেন, “আগামী পাঁচ বছর ধরে অর্থনীতিতে নোবেল পুরস্কার মুখ্যমন্ত্রীকে দেওয়া উচিত। তৃণমূল কংগ্রেস পলিটিক্যাল সার্কাসে পরিণত হয়েছে।”
অন্যদিকে দিদির দূতদের প্রসঙ্গে বলতে গিয়ে সুকান্ত মজুমদার বলেন, জনগণ তৃণমূল কংগ্রেসের অত্যাচারে এতটাই অত্যাচারিত যে জনগণই তার হিসেব বুঝে নেবে। এই দিদির দূত যারা আসলে ভূত হয়ে যাচ্ছে। মানুষের কাছে গিয়ে তাদের অবস্থা কি হচ্ছে তা আমরা সকলেই দেখতে পাচ্ছি। সুকান্ত মজুমদার বলেন, “আমরা গেলে লোকেরা নমস্কার করে, জুতো নিয়ে ঝাঁটা নিয়ে কেউ এগিয়ে আসে না। কিন্তু তৃণমূলের দূতরা গেলে মানুষ সেখানে জুতো ঝাঁটা নিয়ে ছুটে আসছে। এমন পরিস্থিতি যে কেউ কেউ পালিয়ে বাঁচছেন, সেটা সংবাদমাধ্যমই বলছে।”
একই সঙ্গে সুকান্ত মজুমদার জানান, চলতি মাসে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা আবার রাজ্যে আসছেন। অন্যদিকে মার্চ মাসে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যে আসবেন।

