হাবড়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের আঘাত পাওয়া পায়ের ছবি এঁকে প্রচার তৃণমূল কংগ্রেসের

আমাদেরভারত, উত্তর ২৪ পরগনা, ১৫ মার্চ:
মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে আঘাত পাওয়ার ঘটনা তৃণমূলের নির্বাচনী প্রচারে গুরুত্ব পাচ্ছে। ইতিমধ্যে দলের হেভিওয়েট নেতারা বিভিন্ন ভাবে তা সামনে আনছেন। বিভিন্ন জনসভায় বলাহচ্ছে নন্দীগ্রামে চক্রান্ত করা হয়েছিল। এবার আঘাত পাওয়া পায়ের ছবি দেওয়ালেও ফুটিয়ে তোলা হচ্ছে। তাঁদের বক্তব্য, যেভাবে দলনেত্রী ব্যথা সহ্য করে প্রচারে নেমেছেন, সেই সাহসী বাংলার মেয়ের পায়ের ছবি আমরা তুলে ধরছি। এই রকম প্রচার নজর কেড়েছে হাবড়ার নাগরিকদের।

ভোটের ঢাকে কাঠি পড়েছে বেশ কিছুদিন আগেই, প্রার্থী ঘোষণার সাথে সাথে তৃণমূল কর্মীরা দেওয়াল লিখনের মাধ্যমে সাধারণ মানুষের কাছে তুলে ধরেছেন উন্নয়নমূলক প্রকল্প, আবার কোথাও কোথাও রয়েছে মুখরোচক ছাড়াও। হাবরা বিধানসভার কোথাও কোথাও লেখা রয়েছে উড়ছে আবির দেখবি আয়, বাংলা নিজের মেয়েকেই চায়। আবার কোথাও উল্লেখ আছে স্বাস্থ্য সাথী, কন্যাশ্রী, রূপশ্রী এর মত প্রকল্প গুলির নাম। তৃণমূল কর্মীদের দাবি, ভোটের প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্পগুলিই সাধারণ মানুষের কাছে আমরা তুলে ধরব।

পাশাপাশি অশোকনগর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় তৃণমূল কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে আঘাত পাওয়ার চিত্র তুলে ধরেছেন। যেখানে লেখা রয়েছে বন্ধু আবার দেখা হবে, ভাঙ্গা পায়েই খেলা হবে। দেওয়ালে ফুটিয়ে তোলা হয়েছে মুখ্যমন্ত্রীর পায়ের ছবি। ভোটের ঢাকে কাঠি পড়ার পরেই খেলা হবে শ্লোগানটি এখন মানুষের মুখে মুখে। কিন্তু এক্ষেত্রে তৃণমূল কর্মীরা বলেছেন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে নন্দীগ্রামে পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে। তাঁর পায়ে চোট লেগেছে, হাসপাতালে চিকিৎসাধীনও ছিলেন তিনি। সেই অবস্থাতেই গতকাল হুইল চেয়ারে করে ভোটের প্রচারে নেমে ছিলেন। তাই আমরা দেওয়াল অঙ্কনের মধ্য দিয়ে মুখ্যমন্ত্রীর মনের জোর এবং সাহসিকতার নজির সাধারণ মানুষের কাছে তুলে ধরেছি। আর খেলা বলতে উন্নয়নের খেলার কথা বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *