দলের ভাবমূর্তি ফেরাতে এবার জলপাইগুড়িতে ব্লকে ব্লকে পৌঁছবে তৃণমূল ছাত্র পরিষদ

আমাদের ভারত, জলপাইগুড়ি, ৭ এপ্রিল: রাজ্য সরকারি চাকরিতে দুর্নীতি সহ একাধিক ইস্যুকে কেন্দ্র করে শাসক দল কোণঠাসা, এদিকে বিরোধীরা দুর্নীতিকে হাতিয়ার করে গ্রামের মানুষের দুয়ায়ে দুয়ারে পৌঁছে যাচ্ছে। এবার দলের ভাবমূর্তি ফিরিয়ে আনতে জেলা তৃণমূল, যুব তৃণমূলের পাশাপাশি এবার তৃণমূল ছাত্র পরিষদ ব্লকে ব্লকে পৌঁছে যাবে। পঞ্চায়েত ভোটের আগে রাজ্য সরকারের একাধিক উন্নয়ন মূলক কাজকে হাতিয়ার করে জলপাইগুড়ি জেলার কলেজের ছাত্র নেতারা এবার গ্রামের মানুষের মন পেতে মরিয়া।

সামনেই পঞ্চায়েত নির্বাচন। সেই দিকে তাকিয়ে জেলাজুড়ে জনসংযোগ প্রক্রিয়ার উপর জোর দিচ্ছে তৃণমূল ছাত্র পরিষদ। এক্ষেত্রে তৃণমূল ছাত্র পরিষদের পড়ুয়ারা গ্রামের মানুষের সঙ্গে কথা বলবেন। শোনা হবে অভাব অভিযোগ। দায়িত্ব পাওয়ার পর শুক্রবার প্রথম সাংবাদিক বৈঠক করে একথা জানালেন তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি গৌরব ঘোষ। তিনি বলেন,
“আমরা প্রথমে গ্রামে গ্রামে পড়ুয়াদের কাছে পৌঁছাবো। এরপর সেই পড়ুয়ার মাধ্যমে পরিবারে অভাব অভিযোগ শুনবো। শুধু পঞ্চায়েত নির্বাচন নয়, সারা বছর যাতে সাধারণ মানুষের পাশে থাকা যায় সেই প্রচেষ্টাই চালানো হচ্ছে। ছাত্রদের স্বার্থে শিক্ষা এবং সমাজকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই চেষ্টাই করছে তৃণমূল ছাত্র পরিষদ।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *