জলপাইগুড়ি পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান ও তার আইনজীবী স্বামীর মর্মান্তিক পরিণতিতে জেলা পুলিশ সুপারের সঙ্গে দেখা করলেন বিজেপি নেতারা

আমাদের ভারত, জলপাইগুড়ি, ৭ এপ্রিল: জলপাইগুড়ি শহরে দম্পতির অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় জেলা পুলিশ সুপার খন্ডবহালে উমেশ গণপতের সঙ্গে দেখা করলেন বিজেপি নেতারা। শুক্রবার দম্পতির অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় সুইসাইড নোটে নাম থাকা শাসক দলের প্রভাবশালী নেতা সহ মোট চারজন অভিযুক্তকে গ্রেফতারের দাবি তুলল বিজেপি। পুলিশ সুপারের সঙ্গে আলোচনা করে বিজেপি আশাবাদী তদন্ত সঠিক পথে এগোচ্ছে।

গত শনিবার শহরের পান্ডা পাড়ার বাসিন্দা পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান অপর্না ভট্টাচার্য ও তার স্বামী আইনজীবী সুবোধ ভট্টাচার্যের অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ উঠে। এই ঘটনায় মৃতের ঘর থেকে একটি সুইসাইড নোট পাওয়া যায়। সেই সুইসাইড নোটে উল্লেখ রয়েছে শাসক দলের নেতাদের অত্যাচারে দু’জনের মৃত্যু হয়েছে। ঘটনায় যুক্ত অভিযুক্তদের নামে থানায় অভিযোগ করার পরেও পুলিশ এখনো কোনো পদক্ষেপ গ্রহণ করেনি বলে অভিযোগ বিজেপির।

বিজেপির জেলা সভাপতি বাপি গোস্বামী বলেন, “পুলিশ প্রশাসনের সামনে অভিযুক্তরা ঘুরে বেড়াচ্ছেন কিন্তু পুলিশ কিছু করছে না। থানায় ও এসপি অফিসে ৩০৬ ধারায় মামলা হয়েছে বিরোধীদের বিরুদ্ধে। অবিলম্বে আইনের মাধ্যমে অভিযুক্তদের শাস্তি দিতে হবে। পুলিশ যদি কাজ না করে তাহলে আমরা আদালতে যাবো।”

জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *