তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক, যুব সভানেত্রী সায়নী, গুরুত্ব বাড়ল ঋতব্রত-রাজ-কুণালের

রাজেন রায়, কলকাতা, ৫ জুন: তৃতীয়বারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে এবার সর্বভারতীয় স্তরে চোখ মমতার। তাই শনিবার তৃণমূলের একটি সাংগঠনিক বৈঠকে দলকে ঢেলে সাজালেন তৃণমূল নেত্রী।

এতদিন তৃণমূলের যুব সভাপতি হিসেবে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক করা হল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আর এবার তৃণমূলের যুব সভানেত্রী হলেন সায়নী ঘোষ। ২০২১ বিধানসভা নির্বাচনের আগেই সায়নী ঘোষ তৃণমূলে যোগদান করেছিলেন। এরপর তাকে আসানসোল দক্ষিণের প্রার্থী করা হয়। যদিও ভোটের ফলাফলে তাকে হেরে যেতে হয়েছিল। তবুও তার ওপরই আস্থা রইল মমতার।

গুরুত্ব বাড়ানো হয়েছে কুনাল ঘোষের। রাজ্যে তৃণমূলের সাধারণ সম্পাদক করা হল তাকে।‌ এছাড়া ৯টি জেলায় দলীয় সভাপতি পদে বড় রদবদল করা হল। সংগঠনের সভাপতি করা হল ঋতব্রত বন্দোপাধ্যায়কে। সর্বভারতীয় মহিলা তৃণমূল সভানেত্রী কাকলি ঘোষ দস্তিদার। কিষাণ সংগঠনের সভাপতি করা হয়েছে পূর্ণেন্দু বসুকে।
বঙ্গ জননী বাহিনীর দায়িত্ব দেওয়া হয়েছে মালা রায়কে। শ্রমিক সংগঠনের সর্বভারতীয় সভানেত্রী হচ্ছেন দোলা সেন। তৃণমূলের কালচারাল সেলের প্রধান হচ্ছেন রাজ চক্রবর্তী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *