জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৫ জুন: বিশ্ব পরিবেশ দিবসে সারা রাজ্যে বৃক্ষ রোপন করল সম্মিলিত গ্রন্থাগার ও পেশাজীবী মঞ্চ। বাঁকুড়ার খাতড়ায় মহকুমা প্রেস ক্লাবের সঙ্গে যৌথ উদ্যোগে স্থানীয় কংসাবতী শিশু বিদ্যালয় প্রাঙ্গণে দেবদারু, মেহগনি গাছ রোপন করা হয়।
বৃক্ষ রোপন উৎসবে সামিল ছিলেন, খাতড়ার মহকুমাশাসক মৈত্রেয়ী চক্রবর্তী, মহকুমা পুলিশ আধিকারিক কাশীনাথ মিস্ত্রী, উপ মহকুমাশাসক তরুণ মল্লিক, বনাধিকারিক প্রবীর চক্রবর্তী, জেলা বিদ্যালয় পরিদর্শক জগবন্ধু ব্যানার্জি, মহকুমা বিদ্যালয় পরিদর্শক ইরা সুবুদ্ধি। প্রেস ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা। এছাড়াও লেখক সুবীর মন্ডল, গ্রন্থাগারিক রণজয় সিংহ ঠাকুর, প্রবীর চেল প্রমুখ উপস্থিত থেকে গাছ লাগান। স্কুলে সকলকে অভ্যর্থনা জানান প্রধান শিক্ষক পরীক্ষিত মাহাতো।

উল্লেখ্য, রাজ্যের গ্রন্থাগারিকদের অরাজনৈতিক মঞ্চ “সম্মিলিত গ্রন্থাগার ও পেশাজীবী মঞ্চ” করোনা অতিমারীতে বিগত দেড়বছর ধরে সারা পৃথিবী জুড়ে সংক্রমণের আশঙ্কা এবং সরকারি ফতোয়ার মাঝখানে অনলাইন লাইব্রেরি পরিষেবা দিয়ে চলেছে। দেড় বছরে এই মঞ্চ প্রায় কুড়ি হাজার মানুষকে পাঁচ কোটির উপর বই ও পত্র পত্রিকার পিডিএফ বা লিঙ্ক সরবরাহ করেছে।
পাশাপাশি আর্তদের ত্রাণ, রক্তদান থেকে বৃক্ষ রোপন প্রভৃতি জনকল্যাণমুখী কর্মসূচিও নিয়েছে বলে সম্মিলিত গ্রন্থাগার ও পেশাজীবী মঞ্চের আহ্বায়ক তথা পুরুলিয়ার সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক প্রণব হাজরা জানিয়েছেন।


