অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১৪ জানুয়ারি: প্রাকৃতিক দুর্যোগের কারণে বন্ধ ঐতিহ্যবাহী বুলবুলি পাখির লড়াই। ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরের রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গণে প্রায় ৪০০ বছরের বেশি পুরনো ঐতিহ্যবাহী এই বুলবুলি পাখির লড়াই।
মূলত গোপীবল্লভপুরের স্থানীয় ভাষায় পাখির লড়াই হয় বাজার সাই ও দক্ষিণ সাই এর মধ্যে। সাই অর্থাৎ পাড়া। বাজার পাড়া ও দক্ষিণ পাড়া বুলবুলির লড়াইয়ে আগ্রহী ব্যক্তিরা প্রশিক্ষণ দেওয়া বুলবুলি পাখি নিয়ে আসেন লড়াইয়ে জন্য। ইতিহাস বিখ্যাত এই লড়াই ঘিরে দুটি সীমান্তের দুটি রাজ্যের মানুষের মধ্যে থাকে উন্মাদনা। বিরল এই পাখির লড়াইয়ে কোনো অস্ত্র নয়, নয় কোনো রক্তপাত এক টুকরো কলা সামনে দিয়ে ময়দানে ছেড়ে দেওয়া হতো দুই পাড়ার পাখিদের। খাবারের তাগিতেই চলতো লড়াই। সেই প্রায় ৪০০ বছরের বেশি সময় ধরে মকর সংক্রান্তির দিন মন্দির চত্বরে হয়ে আসছে এই বুলবুলি পাখির লড়াই, কিন্তু এবছর সে লড়াই বন্ধ রাখার সিদ্ধান্ত নিলেন মন্দির কমিটি। কারণ গতকাল রাত থেকেই আকাশের মুখ ছিল ভার এবং সকাল থেকেই চলছিল গুড়ি গুড়ি বৃষ্টি। এই লড়াই যদিও হতো মূলত দুই পাড়ার পাখিদের মধ্যে কিন্তু লড়াই দেখতে আসতেন দূর দূরান্ত থেকে বহু মানুষ। তাই লড়াই দেখতে আসা মানুষকে নিরাশ হয়ে ফিরতে হচ্ছে।

এই বলবুলির লড়াইয়ে অংশগ্রহণকারী এক হাউসিয়া স্বরূপ দাস বলেন, শুরু থেকে প্রতি বছর মকর সংক্রান্তির দিন গোপীবল্লভপুরের ঐতিহ্যবাহী বুলবুলির লড়াই হয়ে থাকলেও এবছর প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রথা ভেঙে কর্মসূচি বাতিল হয়েছে। কারণ এই ঠাণ্ডাতে পাখির শারীরিক ক্ষমতা অনেকটাই কমে যায় তাই পাখিকে কষ্ট দিয়ে আমরা কোনোরকম আমোদ-প্রমোদ করতে চাই না তাই আজ আমরা এই ঐতিহ্যবাহী খেলা বন্ধ করতে বাধ্য হয়েছি। আগামী দু’দিনের মধ্যে যদি প্রাকৃতিক দুর্যোগ কেটে পরিস্থিতি স্বাভাবিক হয় সে ক্ষেত্রে আমরা প্রতিযোগিতা করবো।নচেত এবছরের মতোই প্রতিযোগিতা আমরা বাতিল করে দেব।

