রামজীবনপুর পৌরসভায় ব্যবসায়ীদের বিক্ষোভ

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৭ ডিসেম্বর: চন্দ্রকোনা বিধানসভার রামজীবনপুর পৌর এলাকার বাবুলাল হাইস্কুলের পার্শ্ববর্তী এলাকায় দোকান ঘর ভেঙ্গে দেওয়াকে কেন্দ্র করে রামজীবনপুর পৌর এলাকার ১৭টি পরিবার রাস্তায় বসে বিক্ষোভ দেখিয়েছে। বিক্ষোভকারী পরিবারগুলির দাবি, দীর্ঘ ত্রিশ বছর ধরে ওই স্কুল সংলগ্ন জায়গায় ব্যবসা করে আসছেন। স্কুল কর্তৃপক্ষ এবং পৌরসভার চেয়ারপার্সন স্থায়ীকরণের ব্যবস্থার কথা বলে মিটিংও ডেকেছিলেন। মিটিংয়ের পর ব্যবসায়ীদের কাছ থেকে রেজুলেশন করে দেড় লক্ষ করে টাকা নিয়েছিল স্কুলের ম্যানেজিং কমিটি। পরে  ব্যবসার জন্য রুমের ব্যবস্থাও করে দেওয়া হয়েছিল। 

জানাগেছে, বর্তমানে তাদের ব্যবসার জন্য দেওয়া রুমগুলি ছেড়ে দেওয়ার জন্য বলা হয়। যদিও তাদের দেওয়া টাকা ফেরত দেয়া হয়নি। ১৭ টি পরিবারের অভিযোগ, রামজীবনপুর পৌরসভার পক্ষ থেকেও কোনও রকম সাহায্য মিলেনি।

২০২০ সালে ওই দোকানগুলো ভাঙ্গার নির্দেশ দেওয়া হয়েছিল। পরে স্থগিতাদেশ বার করে ছিলেন দোকানের মালিকরা। ওই ১৭ টি পরিবারের সদস্যরা আজ সকাল থেকেই প্রায় তিন ঘন্টা ধরে পুনর্বাসনের দাবি জানিয়ে রামজীবনপুর পৌরসভার সামনে বিক্ষোভ দেখায়। 
পৌর প্রশাসক নির্মল চৌধুরীর বিরুদ্ধে তারা স্লোগান দিতে থাকেন।

বিক্ষোভ বড়সড় আকার ধারণ করতেই ঘটনাস্থলে এসে পৌঁছান নির্মল চৌধুরী, তাকে ঘিরে ব্যবসায়ীরা বিক্ষোভ দেখান এবং পুনর্বাসনের দাবি জানান।

ঘটনা সম্পর্কে তিনি বলেন, ওই দোকানগুলোর জায়গা সম্পূর্ণরূপে স্কুলের। এর সঙ্গে পৌরসভা কোনও রকম ভাবে জড়িত নয়। ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা হয়েছিল এবং সেই মামলার রায় এসেছে ওই বাড়িগুলি ভেঙ্গে দিতে হবে, সেই কারণেই ওই বাড়িগুলি ভাঙ্গা হবে। এই জন্যই আমাদের কাছে ওরা হতাশাগ্রস্ত হয়ে সহযোগিতা চাইতে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *