পিন্টু কুন্ডু, বালুরঘাট, ২০ ফেব্রুয়ারি: বাধ্য বাধকতা না থাকলেও গরিব মানুষদের জন্য চালু করা রাজ্য সরকারের ‘মা কিচেনের’ ডিম-ভাত খাবার হুড়োহুড়ি সম্ভ্রান্ত পরিবারের লোকেদের। মাত্র ৫ টাকার বিনিময়ে গরম গরম ডিম ভাত সাথে ডাল ও সবজি খেতে বালুরঘাটে ভিড় জমাচ্ছেন চাকুরিজীবী থেকে ব্যবসায়ী প্রায় সকলেই। আর যার জেরে বঞ্চিত হচ্ছেন গরিব দুঃস্থ মানুষরা। এমন ঘটনায় রীতিমতো অবাক হচ্ছেন কাজে নিযুক্ত কর্মীরাও। যদিও পুরসভার তরফে দুঃস্থদের প্রাধান্য দেওয়ার জন্য ওই সমস্ত সম্ভ্রান্ত পরিবারের লোকজনদের কাছে অনুরোধ জানানো হবে বলে জানিয়েছেন পুরসভার চেয়ারপার্সন।
দিন কয়েক আগে রাজ্য সরকারের হাত ধরে বালুরঘাট পৌরসভা চালু করে মা কিচেন। যেখানে মাত্র পাঁচ টাকায় ডিম সহ ভাত, ডাল এবং সবজি খাওয়ার ব্যবস্থা করা হয়। গরিব মানুষরা প্রতিদিন দুপুর ১টা থেকে ৩টে পর্যন্ত যেখানে পেটপুরে খেতে পারবেন। কিন্তু প্রকল্প শুরুর পর থেকে বালুরঘাটের মা কিচেনে গরিব মানুষদের সেভাবে দেখা না মিললেও সস্তা খাবার খেতে হুড়োহুড়ি লাগিয়েছেন শিক্ষক, ব্যবসায়ীরা। আর যা দেখে রীতিমতো অবাক হচ্ছেন খোদ ওই প্রকল্পের কাজে যুক্ত কর্মীরাও। ২৫০ জনকে প্রতিদিন খাওয়ানোর লক্ষ্যমাত্রা নেওয়া হলেও তা ৩০০কেও ছাড়িয়ে যাচ্ছে বলে জানিয়েছেন কাজে নিযুক্ত কর্মীরা।

জানাগেছে, মা কিচেন নামক ওই প্রকল্পের জন্য খাদ্য দপ্তর থেকে চাল সরবরাহ করা হলেও। ডিমের জোগান দেওয়া হচ্ছে এআরডিসি দপ্তর থেকে এবং সবজি সুফল বাংলা থেকে নেওয়া হচ্ছে। প্রতিদিন আলাদা আলাদা স্বনির্ভর গোষ্ঠীর দ্বারা রান্না করা খাবার পরিবেশিত হচ্ছে বালুরঘাট পুরসভা চত্বরে। পাঁচ টাকা দিয়ে নির্দিষ্ট কুপনের বিনিময়েই পুরসভা থেকে ওই খাবার সংগ্রহ করতে হচ্ছে সাধারণ মানুষদের।
কুপনের দায়িত্বে থাকা সুরজ কুমার দে জানিয়েছেন, প্রতিদিন ২৫০টি কুপন বিক্রির কথা থাকলেও তা প্রায় ৩০০ ছাড়িয়ে যাচ্ছে।
এক বাসিন্দা বাসন্তী সরকার জানিয়েছেন, এত অল্প পয়সায় ডিম ভাত খাওয়া যাবে কখন ভাবেননি। এক জায়গায় কাজে এসে এই খাবারের সন্ধান পেয়েই ছুটে এসেছেন।
পুরসভার চেয়ারপার্সন হরিপদ সাহা জানিয়েছেন, কোনও বাধ্যবাধকতা না থাকলেও গরিবদেরই প্রাধান্য দেওয়া হবে। এরজন্য তাদের তরফে সেই সমস্ত সম্ভ্রান্ত লোকজনের কাছে অনুরোধ জানাবেন।


ভুল-ভাল নিউজ না করে….ভালো করে খোঁজ-খবর নিয়ে তবে ই নিউজ করুন…ইডিয়ট-ননসেন্স এর মতো খবর করছেন কেন…এই “মা কিচেন” প্রকল্পের ঘোষণা সময় গরিব-বরোলোক দেখে ঘোষণা হয় নি….ভালো করে খোঁজ নিয়ে দেখুন