আমাদের ভারত, জলপাইগুড়ি, ৭ ডিসেম্বর: ছোট গাড়ির ধাক্কায় টোটোয় থাকা স্কুল ছাত্র ও টোটো চালক গুরুতর জখম। বুধবার ঘটনাটি ঘটে জলপাইগুড়ির গোমস্তা পাড়ায়। স্থানীয়দের অভিযোগ, ছোট গাড়িটি পুলিশের গাড়ি ছিল। ধাক্কা দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গাড়ির ধাক্কায় টোটোটি দুমড়ে মুচড়ে গিয়েছে। উত্তেজিত জনতা জলপাইগুড়ি–শিলিগুড়ি রাজ্য সড়ক অবরোধ করলে ঘটনাস্থলে যায় কোতোয়ালি থানার পুলিশ বাহিনী।
জানাগেছে, এ দিন সকালে বেসকারি এক বিদ্যালয়ের তিন ছাত্রীকে নিয়ে জলপাইগুড়ির গোমস্তপাড়া এলাকায়
হাজির হয় টোটো চালক। সেখানে অন্য এক ছাত্রীকে টোটোতে নিয়ে যাওয়ার জন্য রাস্তার পাশে দাঁড়িয়েছিল টোটোটি। প্রত্যক্ষদর্শীদের দাবি, পেছন থেকে দ্রুত গতিতে একটি সাদা রঙের ছোট গাড়ি টোটোয় ধাক্কা মারে। বিকট শব্দ শুনে আশেপাশের বাসিন্দারা ছুটে আসেন। ধাক্কায় তিনজন ছাত্রীকে নিয়ে টোটোটি উল্টে যায়। ছাত্রীরা টোটোর নিচে চাপা পড়ে যায়৷ আশেপাশের লোকজন এসে সকলকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। চালকও গুরুতর জখম হয়েছেন।

ঘটনার প্রতিবাদ জানিয়ে স্থানীয় রাস্তা অবরোধে সামিল হলেন। দীর্ঘক্ষণ অবরোধ চলার পর ঘটনাস্থলে পৌঁছয় কোতোয়ালি থানার পুলিশ। পুলিশ তদন্তের আশ্বাস দিলে অবরোধ উঠে যায়।
স্থানীয় বাসিন্দা মণিন্দ্রনারায়ণ চৌধুরী বলেন,”সাদা রঙের একটি ছোট গাড়ি এসে ধাক্কা মেরে চলে যায়। গাড়িটি পুলিশের গাড়ি ছিল।” এক ছাত্রীর অভিভাবক প্রিয়াঙ্কা ঘোষ বলেন, “বিকট শব্দ শুনে বের হয়ে আসি। সকলে জখম হয়েছে। স্থানীয়রা এসে উদ্ধার করে সকলকে হাসপাতালে নিয়ে যায়।” অন্যদিকে পুলিশ জানায়, “ঘটনার তদন্ত শুরু হয়েছে।”

