নবদ্বীপবাসীর জন্য টোটো অ্যাম্বুলেন্স, থাকছে অক্সিজেনের ব্যবস্থা

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদীয়া, ৬ জুন:
অনেক ক্ষেত্রে অনেক দেখা যায় সংক্রমণের ভয়ে কোরোনা আক্রান্তকে অ্যাম্বুলেন্সে চালক নিতে রাজি হয় না। এমনকি সাধারণ রোগীর জন্যও অ্যাম্বুলেন্স পাওয়া সমস্যা হয়। এই অবস্থায় টোটো অ্যাম্বুলেন্স বানিয়ে সাড়া ফেলল এক স্বেচ্ছাসেবী সংস্থা।

দিনদশেক আগে নবদ্বীপের মণিপুর সংলগ্ন এলাকার এক বাসিন্দার হঠাৎ শরীর খারাপ হওয়ায় অ্যাম্বুলেন্সের দরকার পড়ে। তখন নবদ্বীপের এক সামাজিক সংগঠনের সদস্যকে ফোন করলে তারা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেন। কিন্তু সেই অ্যাম্বুলেন্সকে ফোন করলে দেখা যায় ১০ মিনিটের রাস্তার জন্য ১২০০ টাকা চাইছে। কিন্তু ঐ পরিবারে পক্ষে ১২০০ টাকা দেওয়ার মতো ক্ষমতা না থাকায় ঐ স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা একটি টোটোতে করে ওই রোগীকে নিয়ে যান হাসপাতালে। তারপরই তাদের সবার মাথায় আসে টোটো অ্যাম্বুলেন্স করার কথা। আর তারপরই তারা বানিয়ে ফেলেন একটি টোটো অ্যাম্বুলেন্স। টোটো অ্যাম্বুলেন্সে মজুত আছে অক্সিজেনের ক্যান সহ পি পি ই কিট এবং অন্যান্য জরুরি পরিষেবার জিনিস পত্র।

এই অ্যাম্বুলেন্সটি করার জন্য টোটো গাড়িটি সেই পরিবারেরই একজন সদস্য দান করেন। সেটিকে অ্যাম্বুলেন্সে রূপ দিতে খরচ হয় প্রায় ১ লক্ষ টাকা।

ঐ সংগঠনের এক সদস্য জানান, অ্যাম্বুলেন্সটি বিশেষত রাত ১০ টার পর থেকে সকাল ৬ টা পর্যন্ত পাওয়া যাবে। এছাড়া দিনের বেলাতেও যদি কেউ ফোন করেন তবে তারা সেই পরিষেবা পাবেন। এই পরিষেবার জন্য কোনো রকম টাকা নেবেনা ওই সংগঠন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *