পিন্টু কুন্ডু, বালুরঘাট, ২৪ নভেম্বর: একাধিক অনিয়মের অভিযোগ তুলে বালুরঘাট কলেজে অবস্থান বিক্ষোভে বসল তৃণমূল ছাত্র পরিষদ। বুধবার দুপুরে এই ঘটনাকে ঘিরে তুমুল চাঞ্চল্যের সৃষ্টি হয়। খোদ কলেজ অধ্যক্ষের ঘরে বসেই চলে ছাত্রছাত্রীদের বিক্ষোভ।
ছাত্র ছাত্রীদের অভিযোগ, গতবছর ন্যাক ভিজিটের সময় রাতের অন্ধকারে তড়িঘড়ি নিম্নমানের কাজ করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করা হয়েছে। ফলে মাত্র এক বছর না পেরতেই সে সব কাজের উপকরণ খসে পড়ছে। অবিলম্বে এই সমস্ত খরচের হিসাব তাদের সামনে তুলে ধরতে হবে।
কলেজের তৃণমূল ছাত্র পরিষদের নেতা সুরজ সাহা জানান, ন্যাক ভিজিটের সময় যে অর্থ খরচ করে এই কাজ করা হয়েছিল, তা সবই কলেজের ছাত্রদের টাকা। কলেজের অধ্যক্ষ বা অধ্যাপকরা এ কাজের জন্য সামান্য টাকাও দেননি। সেকারণেই এই খরচের হিসাব নেবার সম্পূর্ণ অধিকার আমাদের রয়েছে।
যদিও এই ঘটনাকে সম্পূর্ণ অস্বীকার করেছেন কলেজের অধ্যক্ষ পঙ্কজ কুন্ডু। তিনি জানান, কলেজের ছাত্রছাত্রীদের অসমাজিক কাজকে কোনওভাবেই বরদাস্ত করা হবে না। এসব কাজের প্রতিবাদ করাতেই এদিন তারা ঘরের সামনে বিক্ষোভ দেখায়।

