শান্তনু কাগজ ছিঁড়েছিলেন, আর এক তৃণমূল সাংসদ অর্পিতা ঘোষের বিরুদ্ধে সংসদে দরজা ভাঙার অভিযোগ

আমাদের ভারত, ৫ আগস্ট: বুধবার সংসদ অবমাননার অভিযোগে রাজ্যসভায় সাসপেন্ড হয়েছিলেন তৃণমূলের ৬ সাংসদ। দোলা সেন, নাদিমুল হক, অর্পিতা ঘোষ, মৌসম বেনজির নূর, শান্তা ছেত্রী, আবির রঞ্জন বিশ্বাসকে একদিনের জন্য সাসপেন্ড করা হয়। সাসপেনশন এর পর সংসদের লবিতে বিক্ষোভ দেখায় তৃণমূল সাংসদরা। নিরাপত্তারক্ষীদের অভিযোগ সেই সময় সংসদের লবির কাঁচের দরজা ভেঙ্গে দেন অর্পিতা ঘোষ যার ফলে আঘাত পান কর্তব্যরত এক নিরাপত্তারক্ষী।

বৃহস্পতিবার সংসদের অধিবেশন শুরু হলে নিরাপত্তারক্ষী লোকসভার সচিবকে পুরো ঘটনাটি জানান। রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান বিষয়টি উল্লেখ করলে আপত্তি জানান তৃণমূলের শুখেন্দু শেখর রায়। এরপর এই বিষয়টি নিয়ে বিতর্কে জড়ান তৃণমূল সাংসদরা। যদিও এখনো পর্যন্ত অর্পিতা ঘোষের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

গোটা ঘটনার নিন্দা করে বিজেপি নেতা মুক্তার আব্বাস নাকভি বলেন, “সংসদে হিংসার রাজনীতি আমদানি করছে তৃণমূল।”

এর আগে তৃণমূল সাংসদ শান্তনু সেনকে গোটা বাদল অধিবেশনে সাসপেন্ড করেন রাজ্যসভার চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডু। পেগাসাস ইস্যুতে রাজ্যসভায় বিবৃতি দেওয়ার সময় কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের হাত থেকে কাগজ কেড়ে নিয়ে ছুঁয়ে দিয়েছিলেন। এই ঘটনার শাস্তি হিসেবে গোটা বাদল অধিবেশনে তাকে সাসপেন্ড করা হয়। এবার শান্তনুর পর সংসদে কাঁচের দরজা ভাঙার অভিযোগ ঘিরে বিতর্কে জড়ালেন তৃণমূলের আর এক সাংসদ অর্পিতা ঘোষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *