আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২ মে: উত্তর ২৪ পরগনার বাগদা ব্লক তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দল সর্বজনবিদিত। বাগদার হেলেঞ্চাতে অবস্থিত ১২ সদস্যের আষাঢ়ু লার্জ সাইজদ কো -অপারেটিভ এগ্রিকালচার ক্রেডিট সোসাইটি লিমিটেডের সম্পাদক ছিলেন হেলেঞ্চা আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের সভাপতি অনিমেষ বাইন। পরবর্তীতে ১ সদস্যের মৃত্যু হয়। দুই মাস আগে অনিমেষ বাইনের বিরুদ্ধে নানা অভিযোগ এনে ১১ সদস্যের বোর্ড তাকে সম্পাদক পদ থেকে সরিয়ে দেয়। সোমবার নতুন সম্পাদক নির্বাচনের বৈঠক ছিল।
বাগদা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তরুণ ঘোষ অভিযোগ করেন, বাগদা ব্লক তৃণমূল কংগ্রেসের পূর্ব ব্লক সভাপতি পরিতোষ কুমার সাহা ও পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অঘর চন্দ্র হালদার গৌতম রায় নামে একজনকে সম্পাদক করতে উদ্যোগী হয়েছিল। সেই মত আজ গৌতম রায়ের নাম প্রস্তাব করা হয়। কিন্তু বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি গোপা রায়, সহ-সভাপতি তরুণ ঘোষ, প্রাক্তন সম্পাদক অনিমেষ বাইনের পক্ষে সমর্থন করে এবং ব্যালটের মাধ্যমে ভোটাভুটি হয়ে ১১ সদস্যের ভোটাধিকার প্রয়োগের পরে ৬-৫ ব্যবধানে সম্পাদক হিসাবে অনিমেষ বিজয়ী হয়।
বাগদার বিধায় বিশ্বজিৎ দাস বলেন, কিছু অসাধু চক্র পরিচালন সমিতির দখল নিতে চেয়েছিল। কিন্তু তৃণমূল কর্মীরা সেই পরিকল্পনা রুখে দিয়েছে।
অঘর চন্দ্র হালদার বলেন, পরিচালন সমিতি তৃণমূলের ছিল। তৃণমূলেরই আছে। এখানে কোনো গোষ্ঠী দ্বন্দ্ব নেই।

