সাথী দাস, পুরুলিয়া, ৮ মার্চ: সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন পুরুলিয়া বিধানসভার তৃণমূল প্রার্থী সুজয় বন্দ্যোপাধ্যায়। আজ মোটর সাইকেলে করে পুরুলিয়া শহরের বিভিন্ন মন্দির, মসজিদ, চার্চে পুজো দিয়ে এবং প্রার্থনা সেরে বেড়িয়ে পড়েন নির্বাচনী প্রচারে। আগামী ২৭ মার্চ পুরুলিয়ার ৯টি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। তাই নির্বাচনকে পাখির চোখ করে সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিয়ে প্রচারে নামলেন তৃণমূল প্রার্থী সুজয় বন্দ্যোপাধ্যায় বলে মত জেলার রাজনৈতিক মহলের।

জয়ের বিষয়ে আশাবাদী সুজয় বলেন, “আমার কেন্দ্রে শুধু নয় আমাদের দেশে বিভিন্ন ধর্ম, জাতির মানুষ এক সঙ্গে বাস করেন। তাদের ইস্ট দেবতা, ঈশ্বরের কাছে আশীর্বাদ নিয়ে জয়ের লক্ষ্যে প্রচার শুরু করলাম। ধর্ম যার যার হতেই পারে। এটা নিয়ে আমরা রাজনীতি করি না।”

