নন্দীগ্রামে শুভেন্দুর জনসংযোগ কর্মসূচি ঘিরে তৃণমূল বিজেপি সংঘর্ষ, আহত একাধিক

আমাদের ভারত, নন্দীগ্রাম, ১৮ মার্চ: শুভেন্দু অধিকারীর নন্দীগ্রামে জনসংযোগ কর্মসূচি ঘিরে তৃণমূল এবং বিজেপির মধ্যে সংঘর্ষ। সংঘর্ষে দুপক্ষেরই আহত কমবেশি ১০ জন। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও চাপা উত্তেজনা নন্দীগ্রামজুড়ে।
আজ সকাল সাড়ে দশটা নাগাদ, নন্দীগ্রামের সোনাচূড়ায় ভোট প্রচারে আসেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর কনভয় দেখে, এলাকার মানুষজন গো-ব্যাক স্লোগান দিতে থাকে। মীরজাফর, বিশ্বাসঘাতক স্লোগানও দিতে থাকে তৃণমূল কর্মীরা। এই নিয়ে বচসা বাধে বিজেপি এবং তৃণমূল কর্মীদের মধ্যে। বচসা থেকে হাতাহাতি শুরু হয় দু’পক্ষের মধ্যে। ইঁটপাটকেল ছোড়াছুড়ি হয়েছে দু’পক্ষের মধ্যে। বিজেপির দাবি, তাদের এক কর্মীর মাথা ফেটেছে এবং আরও বেশ কিছু কর্মী আহত হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়। কয়েকজন আহতকে ভর্তি করা হয়েছে মহেশপুর হাসপাতালে। একজন ভর্তি আছে রেয়াপাড়া ব্লক হাসপাতালে। আর বাকি কয়েকজনকে তমলুক জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। শুভেন্দু অধিকারী আহতদের দেখতে মহেশপুর হাসপাতালে যান।

উল্টোদিকে তৃণমূলের দাবি, শুভেন্দু অধিকারীকে
গো ব্যাক বলার সময় গাড়ির ভিতরে থাকা কয়েকজন তৃণমূল কর্মীদের মারধর করে বলে অভিযোগ। তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়, এই ঘটনায় আহত সকলেই নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। আহতদের দেখতে হাসপাতালে আসেন রাজ্যসভার সাংসদ এবং তৃণমূল কংগ্রেস নেত্রী দোলা সেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *