আমাদের ভারত, হাওড়া, ২৪ মার্চ: আমতা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্যের সমর্থনে দেওয়াল লেখার সময় বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। বুধবার বিকেলে আমতা বিধানসভার বাইনান খাজুট্টি এলাকার এই ঘটনায় বেশ কয়েকজন বিজেপি কর্মী আহত হয়েছে। তাদের মধ্যে দুইজন উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্রে খবর, বুধবার বিকেলে বাইনান খাজুট্টি এলাকায় আমতা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্যের সমর্থনে দেওয়াল লিখছিল বিজেপি কর্মীরা। অভিযোগ, সেই সময় বেশ কয়েকজন তৃণমূল কর্মী অতর্কিতে হামলা চালায় বিজেপি কর্মীদের ওপর। ঘটনায় বেশ কয়েকজন বিজেপি কর্মী আহত হয়। এই ঘটনার পর আহত বিজেপি কর্মীদের উদ্ধার করে প্রথমে বাগনান গ্রামীণ হাসপাতাল পরে তাদের মধ্যে দুজনকে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

এদিকে দলীয় কর্মী আক্রান্ত হওয়ার খবর পাওয়ার পর বিকালে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে আসেন আমতা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্য। এদিন তিনি আহত কর্মীদের চিকিৎসার ব্যাপারে খোঁজখবর নেন। পরে তিনি বলেন, আমতা কেন্দ্রে তৃণমূলের পায়ের তলার মাটি সরে যাওয়াতে তারা এই ধরনের হামলা চালিয়েছে। তিনি বলেন, বিধানসভা নির্বাচনে মানুষ এর যোগ্য জবাব দেবে।

যদিও তৃণমূল তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে। বাগনান ১ নং পঞ্চায়েত সমিতির কর্মাধক্ষ্য সেখ মিনাজউদ্দিন অভিযোগ করেন, এদিন বিকেলে বিজেপি কর্মীরা জঙ্গলের মধ্যে বসে বোমা বানানোর সময় স্থানীয় বাসিন্দারা তাদের তাড়া করলে বিজেপি কর্মীরা পালাতে গেলে এই ঘটনা ঘটে। এর সাথে তৃণমূলের কোনও সম্পর্ক নেই।

