অশোকনগরে বাইক চুরি চক্রের তিন দুষ্কৃতী গ্রেফতার, উদ্ধার ১২টি বাইক

সুশান্ত ঘোষ, অশোকনগর, ৪ জুন: গত দু’মাসে  অশোকনগর-সহ বিভিন্ন জায়গা থেকে বেশ কয়েকটি 
মোটরবাইক চুরির অভিযোগে তিন দুষ্কৃতীকে শুক্রবার রাতে উত্তর ২৪ পরগনার অশোকনগর থানার গুমার দাতারি এলাকা থেকে গ্রেফতার করল পুলিশ। তাদের কাছ থেকে ১২টি বাইক উদ্ধার করেছে পুলিশ। 

পুলিশ জানিয়েছে লাল্টু ঘোষ, ফাজলু বাফাদার ও  রহমান বাফাদার নামে এই তিন জন দীর্ঘ দিন ধরে বাইক চুরির কাজ করছিল। এর আগেও প্রচুর বাইক চুরি করে বাংলাদেশে পাচার করেছে বলে ধৃতরা পুলিশি জেরায়  স্বীকার করেছে। পুলিশ সূত্রের খবর, শুক্রবার গভীর রাতে পুলিশের কাছে খবর আসে গুমার দাতারি এলাকায় একটি জায়গায় কয়েকটি বাইক একত্রিত করা হয়েছে।সেগুলি বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে। 

খবর পেয়ে পুলিশ ওই এলাকায় হানা দেয়। তল্লাশি চালিয়ে উদ্ধার হয় বারোটি বাইক। বাইকের মালিক খুঁজতে  গিয়ে অভিযুক্ত তিন জনের নাম সামনে আসে। পরবর্তীতে  দাতারির ঘোষপাড়া, দোগাছিয়া ও কামারপুর থেকে আরও তিন জনকে গ্রেফতার করা হয়। পুলিশের জেরায় অভিযুক্তরা বাইক চুরির কথা স্বীকার করেছে এবং তারা জানিয়েছেন, বাইকের নম্বর প্লেট পরিবর্তন  করে তা পরে  বাজার ও বাংলাদেশে পাচারকারীদের কাছে বিক্রি করে। প্রসঙ্গত সম্প্রতি অশোকনগর এলাকায় বাইক চুরির ঘটনা ঘটছিল। তার তদন্তে নেমে এই সাফল্য অশোকনগর থানার পুলিশের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *