স্কুল তৈরির টাকা থেকে কাটমানি না দেওয়ায় প্রধান শিক্ষককে মারধর ও খুনের হুমকি, অভিযোগ বাগদার তৃণমূল যুব সভাপতির দলবলের বিরুদ্ধে

সুশান্ত ঘোষ, উত্তর ২৪ পরগণা, ২৭ জুলাই: স্কুলের উন্নয়নের টাকা থেকে কাটমানি না দেওয়ায় প্রধান শিক্ষককে বেধড়ক মারধর ও খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল যুবসভাপতির দলবলের বিরুদ্ধে। বুধবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বাগদা থানার
পাটকেলপোতা এলাকায়।

ঘটনার বিচার চেয়ে জেলা স্কুল পরিদরশর্কের চেয়ারম্যান, ব্লক ডেভেলপমেন্ট আধিকারিক ও বাগদা থানার দ্বারস্থ হয়েছেন প্রধান শিক্ষক। আহত প্রধান শিক্ষকের নাম সুকুমার সর্দার। অভিযোগ, বাগদা থানার পাটকেলপোতা প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়নের কাজের টাকা থেকে কাটমানি না দেওয়ায় প্রধান শিক্ষককে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। অভিযুক্তের নাম আশরাফুল মন্ডল। আশরাফুল স্থানীয় আষারু গ্রাম পঞ্চায়েতের যুব সভাপতি গিয়াসউদ্দিন মন্ডলের অনুগামী বলে পরিচিত।

প্রধান শিক্ষক সুকুমার সর্দার বলেন, এদিন বিকেলে প্রধান শিক্ষক স্কুল করে বাড়ি ফেরার সময় আশরাফুল কয়েকজন দুষ্কৃতীদের নিয়ে তাকে ঘিরে ধরে পথ আটকায়। এরপর তাঁকে কলার ধরে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে থাকে। আশরাফুল স্কুলের বিল্ডিং তৈরীর কাটমানি চায়। দিতে অস্বীকার করায় শিক্ষককে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করে বলে তাঁর অভিযোগ। এমনকি স্কুলে ঢুকলে শিক্ষককে খুন করে দেওয়ার হুমকিও দেয় দুষ্কৃতীরা। খবর পেয়ে ছুটে আসে স্কুলের অন্যান্য শিক্ষকরা। ভয়ে আশরাফুল ও তার দলবল ওই শিক্ষককে রাস্তায় ফেলে পালিয়ে যায়।

অন্যান্য শিক্ষক ও সুকুমারবাবুর পরিবারের লোকজন তাকে বাগদা গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তিনি বাড়িতেই চিকিৎসাধীন।

কাটমানির অভিযোগ অস্বীকার করে যুব সভাপতি গিয়াস উদ্দিন বাবু বলেন, “খুব নিম্নমানের মালপত্র দিয়ে কাজ হচ্ছিল স্কুলে। এলাকার মানুষ প্রতিবাদ করেছিল। সেই সময় তাকে একজন ধাক্কা দিয়েছিল৷ পরে ক্ষমা চেয়ে মিটিয়ে নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *