এবার আর শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় নন, তাঁর মা বাবাকেও ডেকে পাঠালো ইডি

আমাদের ভারত, ২৮ সেপ্টেম্বর: এবার আর কেবল অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়, তার সঙ্গে তার বাবা-মাকেও তলব করল ইডি। সম্পত্তির বিস্তারিত তথ্য নিয়ে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে হবে তাদের। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেদিন ডাকা হয়েছে সেই সপ্তাহের অন্য আরেকদিন হাজিরা দিতে বলা হয়েছে অভিষেকের বাবা অমিত বন্দ্যোপাধ্যায় ও মা লতা বন্দ্যোপাধ্যায়কে।

লিপস এন্ড বাউন্সের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আগামী ৩ অক্টোবর সকাল সাড়ে দশটায় সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে অভিষেককে। এদিকে আগামী ২ এবং ৩ অক্টোবর রাজ্যের বকেয়া পাওনার দাবিতে দিল্লিতে ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। সেই কর্মসূচির নেতৃত্ব দিতে অভিষেকের দিল্লিতেই থাকার কথা। কিন্তু সেই সময় তাকে সমন পাঠানোর কারণে বিতর্ক তৈরি হয়েছে।

এর আগের লিপস এন্ড বাউন্সের মামলায় অভিষেকের মা লতার সম্পত্তির হিসেব চেয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। এই সংক্রান্ত মামলার তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি জানিয়েছিলেন এই তদন্তে নিট ফল শূন্য, কারণ সংস্থা এবং সংস্থার সিইও অভিষেকের বিষয়ে বিশদে তথ্য দিতে পারেনি ইডি। এই সংক্রান্ত আরো কিছু তথ্য আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। অভিষেকের মা লতা বন্দ্যোপাধ্যায় সংস্থার ডিরেক্টর ছিলেন।

সেই মামলার পরবর্তী শুনানি হবে ২৯ অক্টোবর। তার মধ্যে এই তথ্য ইডিকে আদালতে জমা দিতে হবে। ডিরেক্টরদের জিজ্ঞাসাবাদ করা হয়েছিল কিনা, তাদের সম্পত্তির খোঁজখবর করা হয়েছে কিনা, প্রশ্ন তুলেছিলেন বিচারপতি। অভিষেকের বাবাও লিপস এন্ড বাউন্সের অন্যতম ডিরেক্টর। সূত্রের খবর, অভিষেকের বাবা-মাকে তাদের সম্পত্তির হিসাব মিউচুয়াল ফান্ডসহ যাবতীয় সম্পত্তির দলিল কাগজপত্র নিয়ে সিজিও কমপ্লেক্সে যেতে বলা হয়েছে।

তৃণমূলের কর্মসূচি দিনে তাকে ডেকে পাঠানোর বিষয়ে অসন্তোষ প্রকাশ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে লিখেছেন, ঠিক যখন বাংলার পাওনা আছে আমাদের দিল্লিতে যাওয়ার কথা, সেই সময় তলব করা হলো আমাকে। অতএব বোঝা যাচ্ছে কারা আসলে ভীত এবং সন্ত্রস্ত। কারা কাঁপছে ভয়ে।”

এর আগে বিরোধী জোট ইন্ডিয়ার কো-অর্ডিনেশন কমিটির প্রথম বৈঠকের দিনেও ডেকে পাঠানো হয়েছিল অভিষেককে। কমিটির সদস্য হিসেবে সেই বৈঠকে উপস্থিত থাকার কথা ছিল তার। কিন্তু শেষ পর্যন্ত তিনি সেখানে না গিয়ে ইডির ডাকে উপস্থিত হয়েছিলেন সিজিও কমপ্লেক্সে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *