এবার পুলিশের জালে ‘ভুয়ো’ সিবিআই কর্মী

জে মাহাতো, আমাদের আমার, ঝাড়গ্রাম, ২ জুলাই:
নকল আইএএস কান্ডে ইতিমধ্যেই তোলপাড় রাজ্য রাজনীতি। এরই মধ্যে সামনে এল ভুয়ো সিবিআই কর্মী। নাম বদল করে ভুয়ো পরিচয়ে নিজেকে সিবিআই অফিসার পরিচয় দিয়ে বিয়েও করেছেন। স্ত্রী’র অভিযোগের ভিত্তিতে পুলিশের জালে সেই প্রতারক।

সূত্রের খবর, ম্যাট্রিমনিয়াল সাইটে অর্ণব মজুমদার নামে ওই ব্যক্তির সঙ্গে পরিচয় হয় পুরাতন ঝাড়গ্রামের বাসিন্দা তনুশ্রী চট্টোপাধ্যায়ের। প্রতারক নিজেকে সিবিআই অফিসার বলে পরিচয় দিয়েছিলেন। এবছরের ১৪ মার্চ অর্ণবের সঙ্গে রেজিস্ট্রি করে বিয়ে হয় তনুশ্রীর। এরপর রাজারহাটের ফ্ল্যাটে নববিবাহিত দম্পতি সংসার শুরু করে।

কিন্তু তনুশ্রীর দাবি, এরপরেই তাঁর উপরে শারীরিক ও মানসিক অত্যাচার চালাতে শুরু করে অর্ণব। সম্প্রতি নিজের মায়ানমারে ট্রান্সফারের গল্প শোনায় সে। স্বামীর আচরণে সন্দেহ হওয়ায় পালিয়ে বাপের বাড়ি এসে ১৮ জুন ঝাড়গ্রাম থানায় স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন তনুশ্রী। এর পরেই পুলিশের তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। অর্ণব মজুমদার বলে পরিচিত ঐ ব্যক্তির আসল নাম অর্নিবান কাঞ্জিলাল।

আরও পড়ুন  ভুয়ো ভ্যাকসিন, ভুয়ো তৃণমূল নেতা, ভুয়ো সিবিআইয়ের পর এবার রাজ্যে ভুয়ো ডিএসপি

কলকাতার জোড়াবাগানের বাসিন্দা সে। ইতিমধ্যে কসবা থানার অধীনে প্রতারণার মামলায় প্রেসিডেন্সি জেলে বন্দি রয়েছে। তদন্তকারীরা অভিযুক্তের “সুন অ্যারেস্ট” এর আবেদন করেন। ধৃতকে ঝাড়গ্রাম আদালতে নিয়ে আসা হয়। ধৃতের বিরুদ্ধে প্রতারণা ও বধূ নির্যাতনের মামলা দায়ের হয়েছে। শুনানির পর ঝাড়গ্রাম আদালতের বিচারক ঋষি কুশারী অভিযুক্তের দু’দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *