Mamata, TMC, এস আই আর- এর নামে ওরা বাংলার সর্বনাশ করেছে: মমতা

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১২ এপ্রিল: এস আই আর- এর নামে বাংলার সর্বনাশ করেছে ওরা। জোর করে বাংলা দখল করা যাবে না। ওরা চাইছে জোর করে বাংলা দখল করতে। তা করতে পারবে না। এস আই আর- এর সময় যারা আপনাদের পাশে ছিল না, তাদের ভোট দেবেন না। আজ বাঁকুড়ায় নির্বাচনী প্রচারে এসে এভাবেই বিজেপির বিরুদ্ধে সরব হন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়।

তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বাঁকুড়ায় দু’টি জনসভা করেন, প্রথমটি ওন্দায় ও দ্বিতীয়টি ছাতনায়। ওন্দায় দলীয় প্রার্থী সুব্রত দত্ত’র সমর্থনে সভা সেরে ছাতনায় আসেন। ছাতনার সভা থেকে এস আই আর প্রসঙ্গে বলতে গিয়ে মমতা বলেন, ওটা বড় দুর্নীতি। এস আই আর- এর নামে ওরা বাংলার সর্বনাশ করেছে। তিনি বলেন, তারা জাতপাতে বিশ্বাস করেন না। তারা একটাই ধর্মে বিশ্বাসী। সেটা মানব ধর্ম। মমতা বলেন, তারা সব ধর্ম পালন করেন। কখনও ভেদাভেদ করেন না। তাদের ধর্ম মানবিক। কাউকে তাদের ধর্ম শেখাতে হবে না।

ছাতনা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী স্বপন মণ্ডলের সমর্থনে স্থানীয় শালচূড়া ফুটবল মাঠে সভা করেন মমতা। এই ছাতনাতেই শনিবার সভা করে গেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায় সকলকে সতর্ক করে বলেন, ভোটের সময় দেখে খাবেন।বাইরে যে যা দেবে, খাবেন না। তিনিও বাইরে কিছু খান না। বাইরে যে কোনও কিছু খাওয়ার আগে দেখে নেবেন, ঠিক জিনিসটা খাচ্ছেন কি না। বিশেষ করে রাজনৈতিক ব্যক্তি, ডাক্তার, প্রশাসনিক কর্তারা উল্টোপাল্টা জিনিস খাবেন না। তাদের কাজ ২৪ ঘণ্টার। যে কোনও সময় কাজ করতে হয়। তাদের যাতে কেউ বিষাক্ত খাবার দিতে না-পারে। উপস্থিত জনতাকে আহ্বান জানিয়ে তিনি বলেন যে, গণতন্ত্রের বাক্সে বদলা নিন, নববর্ষ আসছে। নতুন ভোর আসছে। নতুন দিন আসছে। বিজেপির বিরুদ্ধে বদলা নেওয়ার দিন আসছে। এবার ভোট অন্য রকম। তাঁর সকলের কাছে আবেদন থাকবে, এনআরসি-তে যাতে নাম বাদ না-পড়ে, আপনাদের অধিকার যাতে রক্ষা হয়, সে জন্য এবারের ভোটটা মরণ বাঁচন লড়াই।

মমতা বলেন যে, তারা প্রতারণা করেন না। করব করব বলি না। যা এতদিন বলেছি, করে দিয়েছি। গত ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে বলেছিলাম লক্ষ্মীর ভান্ডারের কথা। করে দিয়েছি। ভোটের আগেই টাকা বাড়িয়ে দিয়েছি। এখন বলছি, সারা জীবন আপনারা লক্ষ্মীর ভান্ডার পাবেন। তিনি বলেন, গত ২০১৪ সালের ভোটের আগে প্রধানমন্ত্রী বলেছিলেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা ঢুকবে। কোথায় গেল ১৫ লক্ষ টাকা? প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন যে, কোথায় গেল দু’ লক্ষের চাকরি? মমতা বলেন যে, তিনি মিথ্যা কথা বললে তার কান কেটে নেবেন। তিনি নাকখত দেবেন। না হলে আপনি নাকখত দিন।”

মমতা বিজেপিকে উদ্দেশ্য করে বলেন, ওরা চাইছে, গোটা দেশে একটাই পার্টি হোক। ওরা ডিলিমিটেশন বিল আনছে এ বার। তিনি এখানে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করে বলে যাচ্ছেন যে বিল আসছে বাংলাটাকে টুকরো টুকরো করতে। তিনি তা হতে দেবেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *