পরিত্যক্ত পাইপের গাদায় আগুনকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য মেজিয়ায়

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাকুঁড়া, ২০ ফেব্রুয়ারি: পরিত্যক্ত পাইপের গাদায় আগুনকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে নামো মেজিয়ায়। আজ সকাল সাড়ে ১১ টা নাগাদ মেজিয়ার নামো মেজিয়া এলাকার সৌর বিদ্যুৎ প্রকল্পের একটি জায়গায় দীর্ঘদিন ধরে বেশ কিছু পানীয় জলের পাইপ লাইনের কিছু পাইপ পড়ে রয়েছে। বছর দুই আগে হঠাৎ করে সেই স্তুপাকৃত পাইপে আগুন লেগে যায়। দমকলের চেষ্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেয়েছিলেন স্থানীয় বাসিন্দারা।

এদিন ফের ওই অর্ধদগ্ধ পাইপে আগুন দেখে বাসিন্দারা আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করে দেন। কুন্ডলি পাকানো কালো ধোঁয়ায় আকাশ ঢেকে যায়। ধোঁয়ার পাশাপাশি আগুনের লেলিহান শিখায় দাউ দাউ করে জ্বলতে থাকে প্লাস্টিকের পাইপগুলি।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর সাড়ে ১১ টা নাগাদ দীর্ঘদিন ধরে পড়ে থাকা অর্ধদগ্ধ এই প্লাস্টিকের পাইপে আগুন লাগে। তবে কে বা কারা এই পাইপে আগুন লাগায় তা কিন্তু স্পষ্ট নয় স্থানীয়দের কাছে। তারাই খবর দেন মেজিয়া থানায়। দুর্ঘটনার খবর পেয়েই তৎক্ষণাৎ ঘটনাস্থলে এসে পৌঁছায় মেজিয়া থানার পুলিশ। আগুন দেখতে ভিড় বাড়তে থাকে। পুলিশই খবর দেয় দমকলে। রানীগঞ্জ থেকে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন আয়ত্তে আনে। তবে বারংবার এই অর্ধদগ্ধ পাইপের উপর কে বা কারা আগুন ধরিয়ে কেন আতঙ্কের পরিবেশ সৃষ্টি করছে তা প্রশ্ন উঠতে শুরু করেছে স্থানীয়দের মনে। পুলিশি হস্তক্ষেপের দাবি জানাচ্ছেন তারা।

স্থানীয় বাসিন্দারা জানান, এই সময় মানা এলাকায় নলবনের গাছ শুকিয়ে গেছে। ঝোপ জঙ্গলে ঝরা পাতা বিছিয়ে রয়েছে। ওই নলবনে আগুন ছড়িয়ে পড়লে দাবানলের সৃষ্টি হয়ে যেত। তখন সৌর বিদ্যুৎ প্রকল্পটিও আগুনের কবলে পড়ত। আগুন লাগার কারণ খতিয়ে দেখছে পুলিশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *