স্নান করতে নেমে রাতের অন্ধকারে আত্রেয়ীতে তলিয়ে গেল যুবক, ডুবুরি নামিয়ে দেহ উদ্ধার পতিরাম থানার পুলিশের

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ২৭ মে: রাতের অন্ধকারে নদীতে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হল এক যুবকের। চাঞ্চল্যকর ঘটনাটি দক্ষিণ দিনাজপুর জেলার পতিরামে। পুলিশ জানায়, মৃত ওই যুবকের নাম কৌশিক নাথ (৩৮)। বাড়ি পতিরামের বাহিচা এলাকায়। বুধবার রাতে স্নান করবার জন্য আত্রেয়ী নদীতে নামে ওই যুবক। জলের স্রোত বেশি থাকবার কারণে মুহুর্তেই তলিয়ে যায় সে। ঘটনার খবর পেয়ে বাড়ির লোকেরা রাতেই তার খোঁজ শুরু করলেও উদ্ধার করা সম্ভব হয়নি। যদিও পরে ঘটনা জানবার পর ওই যুবককে খুঁজতে তৎপর হয় পতিরাম থানার পুলিশ। বৃহস্পতিবার ডুবুরি নামিয়ে আত্রেয়ী থেকে মৃত যুবকের দেহ উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মদ্যপ অবস্থায় রাতের অন্ধকারে নদীতে স্নান করতে নামার কারণেই এমন বিপত্তি।

পতিরাম থানার ওসি বিরাজ সরকার জানিয়েছেন, রাতে দেহ উদ্ধার সম্ভব না হলেও এদিন ডুবুরি নামিয়ে নদী থেকে ওই যুবকের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *