প্রতীতি ঘোষ, ব্যারাকপুর,১ জুন:
জগদ্দল জুটমিল খোলা ও বকেয়া বেতন মেটানোর দাবিতে মঙ্গলবার সকাল থেকে ঘোষপাড়া রোড অবরোধ, করে বিক্ষোভ দেখালো জুটমিলের শ্রমিকরা। কাঁচা মালের অভাব ও উৎপাদন বন্ধের কারণ দেখিয়ে গত ১৭ মে থেকে বন্ধ হয়ে গেছে জগদ্দল জুটমিল। ফলে কর্মহীন আড়াই হাজার শ্রমিক। করোনা পরিস্থিতি সামাল দিতে একদিকে লক ডাউন চলছে রাজ্যে আর ওপর দিকে মিল বন্ধ।
লকডাউন ঘোষণা হওয়ার পর থেকেই বন্ধ হয়ে যায় জগদ্দল জুট মিল। ৩০ শতাংশ কর্মী নিয়ে মিল চালানোর কথা সরকার বললেও সেই নিয়ম না মেনেই মিল বন্ধ করে দেয় কারখানা কর্তৃপক্ষ। সেই সঙ্গেই বকেয়া রয়েছে আড়াই হাজার শ্রমিকের বেতন। ফলে চরম অর্থ কষ্টে র মধ্যে পরেছেন এই মিল শ্রমিকরা।
সেই কারনে মিল খোলার দাবিতে ও শ্রমিকদের বকেয়া বেতন মিটিয়ে দেওয়ার দাবি নিয়ে ঘোষপাড়া রোড অবরোধ করে মিলের গেটে সামনে ধর্না বিক্ষোভ দেখাল জুটমিলের শ্রমিকরা।
এদিন শ্রমিকরা জানান, “কাঁচা মালের অভাবের কথা বলে মিল বন্ধ করা হয়েছে কিন্তু ব্যারাকপুর শিল্পাঞ্চলের বাকি প্রায় সব ক’টা জুট মিল চলছে, সেখানে কোনও জুটের অভাব নেই, শুধু এই মিলটি কাঁচা মালের অভাব দেখিয়ে বন্ধ করে রাখা হয়েছে।”

শ্রমিকদের এই অবরোধে সামিল হয় সিটু, ইনটাক, বি এম এস, আইএনটিইউসি সহ মিলের সমস্ত শ্রমিক ইউনিয়নগুলি। প্রায় এক ঘণ্টা পথ অবরোধ করে হাতে প্ল্যাকার্ড নিয়ে রাস্তার উপর বসে থাকেন শ্রমিকরা। এই আন্দোলনের ফলে ঘোষ পাড়া রোড অবরুদ্ধ হওয়ার খবর পেতেই ঘটনাস্থলে ছুটে আসেন ভাটপাড়া থানার পুলিশ।তাকরা শ্রমিক ও বিভিন্ন দলের শ্রমিক নেতা নেত্রীদের সাথে কথা বলেন। অবশেষে পুলিশ মিল খোলার আশ্বাস দিলে অবরোধ তুলে নেন শ্রমিকরা।
শ্রমিক ইউনিয়নের তরফ থেকে জানানো হয়, পুলিশ আশ্বাস দিয়েছে যে শীঘ্রই মিল চালু করা হবে এবং শ্রমিকদের বকেয়া বেতন মিটিয়ে দেওয়া হবে, তবে এই দাবি না মানা হলে শ্রমিকরা বৃহত্তর আন্দোলনে সামিল হবে।”

