জে মাহাতো, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১৬ জুন: চুক্তিভিত্তিক স্বাস্থ্য কর্মীর মৃত্যুর পর তার স্ত্রীকে স্থায়ী চাকরি দিল রাজ্য সরকার। আজ নবান্নের সভা কক্ষ থেকে ভার্চুয়াল অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মৃত চুক্তিভিত্তিক স্বাস্থ্যকর্মীর স্ত্রীকে চাকরি দেওয়ার বিষয়টি ঘোষণা করেন। নবান্নের সভাকক্ষে ভার্চুয়াল অনুষ্ঠানের পরেই ঝাড়গ্রামের জেলাশাসক জয়সি দাশগুপ্ত সরকারি নিয়োগ পত্র তুলে দেন মৃতের স্ত্রীর হাতে।
গোপীবল্লভপুর এক নম্বর ব্লকের নয়াবসানের বাসিন্দা তথা জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট পদে কর্মরত সুকল্যাণ বেরা গত বছরের নভেম্বর মাসে করোনায় আক্রান্ত হয়ে মারা যান। তারপরেই জেলা স্বাস্থ্য দপ্তর তার পরিবারের এক সদস্যকে চাকরি দেওয়ার সুপারিশ করে। সেইমতো সোমবার রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে মৃত স্বাস্থ্যকর্মীর স্ত্রী পিংকি বেরার নিয়োগপত্র জেলাশাসকের দপ্তরে পাঠিয়ে দেয়। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে চতুর্থ শ্রেণির কর্মী হিসেবে তাকে নিয়োগ পত্র পাওয়ার ৩০ দিনের মধ্যে যোগ দিতে বলা হয়েছে।

