ভাঙন অব্যাহত তৃণমূলে, দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে দল ছাড়লেন বাগদা ব্লকের সভানেত্রী

আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১০ মার্চ: তোলাবাজি ও দলের নেতাদের অনৈতিক কাজের বিরুদ্ধে প্রতিবাদ করেছি। এমনকি জেলা নেতৃত্বদের জানিয়েও কাজ হয়নি, তাই বাধ্য হয়ে দলের পদ থেকে অব্যহতি নিয়ে তৃণমূল কংগ্রেস ত্যাগ করলাম। জানালেন উত্তর ২৪ পরগনার বাগদা ব্লকের তৃণমূলের সভানেত্রী ও পঞ্চায়েত সদস্যা মাধুরী সরকার।

বুধবার সকালে বাগদা থানার হেলেঞ্চার গ্রাম পঞ্চায়েতের সদস্যা মাধুরী সরকার তৃণমূল কংগ্রেস থেকে পদত্যাগ করলেন। তিনি দাবি করেন, পদত্যাগপত্র হোয়াটসআপের মাধ্যমে জেলা নেতৃত্বের কাছে পাঠিয়েছেন। দলের কাজে বিরক্ত হয়েই তার এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন কিনা সেই প্রসঙ্গে তিনি বলেন, এখনও সেই ভাবে কোনও সিদ্ধান্ত নেননি। আগামীতে সিদ্ধান্ত নিলে জানিয়ে দেবেন। কিন্তু বাগদা জুড়ে জোর গুঞ্জন তিনি বিজেপিতে যোগ দিতে পারেন।

বাগদা ব্লকের তৃণমূল সভানেত্রী ও পঞ্চায়েত সদস্যা মাধুরী সরকার বলেন, দীর্ঘ দিন ধরে তৃণমূল করে আসছি। কিন্তু দলের অনৈতিক কাজকর্মে বিরক্ত। এছাড়া বিভিন্ন গ্রামের উন্নয়ন কাজে বাধা পেয়ে দল ছাড়লাম। তিনি বলেন, যাদের ভোটে আমি নির্বাচন হয়েছি তাদের সঙ্গে কথা বলে আমি কোন দলে যাব তখন জানিয়ে দেব।

এই বিষয়ে হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েতের প্রধান চায়না বিশ্বাস বলেন, মাধবী সরকার তৃণমূল কংগ্রেসের থেকে বিজেপির গুনোগান করতেন এবং দলের ক্ষতি করছিলেন। মাধবী সরকার দল ছাড়ায় তৃণমূল কংগ্রেসের কোনও ক্ষতি হবে না।

বনগাঁ বিজেপির সাংগঠনিক জেলার সহ-সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সদস্য অমৃত লাল বিশ্বাস দাবি করেন, শুধু মাধুরী সরকার নয় আগামী মে মাসে হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েত দখল করবেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *