আমাদের ভারত, ১৩ মার্চ: বিধানসভার অধ্যক্ষ দাবি করেছেন বাইরন বিশ্বাস সাগরদিঘির কংগ্রেসের জয়ী প্রার্থী নাকি তৃণমূলের লোক। তৃণমূলের সমর্থনে তিনি জয়লাভ করেছেন। এই মন্তব্যের পাল্টায় চুড়ান্ত কটাক্ষ করে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে অপদার্থ বলে তোপ দেখেছেন সুকান্ত মজুমদার।
বিজেপির রাজ্য সভাপতি বলেন, “আমাদের বিধানসভার অধ্যক্ষের কথা শুনে মনে হচ্ছে তিনি বিধানসভা নামক জেলার তৃণমূল কংগ্রেসের একজন কার্যকরী সভাপতি। একজন অধ্যক্ষের কি বলা উচিত এবং কি বলা উচিত নয় তা তিনি জানেন না। একজন অধ্যক্ষ পার্টি নিরপেক্ষ।” সুকান্ত পরামর্শ দিয়ে বলেন, “ওনাকে বলবেন এই ধরনের কথা লোকসভার স্পিকার ওম বিড়লার মুখ থেকে তিনি কোনদিন শুনেছেন কিনা? তাহলে উনি বুঝতে পারবেন, ওনার রোলটা কি? তাহলে উনি সেটা পালন করতে পারছেন কি পারছেন না।” অভিযোগের সুরে সুকান্ত মজুমদার বলেন, “এখনো পর্যন্ত বাংলার মানুষ দেখেছেন আমাদের বিধানসভার অধ্যক্ষ তার নিরপেক্ষতা বজায় রাখার ক্ষেত্রে সম্পূর্ণরূপে অপদার্থতার পরিচয় দিয়েছেন।”
প্রসঙ্গত, বিধানসভার অধ্যক্ষ জানিয়েছেন, সাগরদিঘির বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস জানিয়েছেন তিনি তৃণমূলেরই। তার আরও দাবি, বাইরন বিশ্বাস তাকে নিজেই একথা জানিয়েছেন। বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “ওটা একটা বিক্ষিপ্ত ঘটনা ছিল। ওদের যে বিধায়ক তিনি আমার সঙ্গে বিধানসভায় নিজেই স্বীকার করেছেন যে, আমি তো তৃণমূল তৃণমূলের ভোটেই আমি জিতেছি। সুতরাং যারা ভোট দিয়েছেন তারা সবাই তৃণমূলের সমর্থক। আমাদের প্রার্থী নির্বাচনে কোনো ত্রুটি হয়ে থাকতে পারে, যার জন্য তৃণমূলের ভোট ওই দিকে চলে গিয়েছে। তিনি কি করবেন সেটা তার ব্যক্তিগত বিষয়। তিনি মুখে বলেছেন তিনি তৃণমূলের লোক।”

