আমাদের ভারত, ৯ সেপ্টেম্বর: চোরের মায়ের বড় গলা। তৃণমূলের আমলে গোটা বাংলা জুড়ে চোর তৈরি হয়েছে। এভাবেই মালদায় আইন অমান্য কর্মসূচি থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর কথায়, এক সময় মমতা বলেছিলেন মোদীর কোমরে দড়ি পরাবেন। কিন্তু এখন সময় এসেছে দিদির কোমরে দড়ি পরানোর।
তৃণমূল সরকারের দুর্নীতির বিরুদ্ধে আগামী ১৩ সেপ্টেম্বর নবান্ন অভিযানের ডাক দিয়েছে বঙ্গ বিজেপি। এই কর্মসূচির সমর্থনে জেলায় জেলায় কর্মসূচি হচ্ছে। এদিন মালদা সেতু মোড় থেকে রথবাড়ি পর্যন্ত বিশাল মিছিল হয়। সেই মিছিলে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মিছিল শেষে কর্মীদের ধন্যবাদ জানান তিনি। একই সঙ্গে তৃণমূল সরকারের বিরুদ্ধে সরব হন। তিনি বলেন,”গোটা রাজ্য জুড়ে সিবিআই, ইডি’র এনকোয়ারির ফলে একটার পর একটা চোর ধরা পড়ছে। তারা যেমন-তেমন চোর নয়। বড় বড় চোর। মাছের ব্যবসা করে নিজের মেয়ের নামে ১৭ কোটি টাকা ফিক্সড ডিপোজিট করে রেখেছে। তৃণমূলের নেতা মন্ত্রীরা লাখ লাখ কোটি কোটি টাকার মালিক। আর সিভিক ভলান্টিয়ারদের দেখুন রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে কালো হচ্ছে, বিয়ের জন্য মেয়ে পাচ্ছে না, মাত্র নয় – দশ হাজার টাকা বেতন।”
বিজেপি রাজ্য সভাপতি বলেন, যদি তৃণমূলের নেতাদের ভিড় করে দাঁড় করানো যায়, আর ঢিল ছোড়া যায়, তাহলে যার গায়ে ঢিলটা গিয়ে পড়বে সেই কোটি টাকার মালিক।” তিনি তৃণমূলের সাধারণ কর্মীদের উদ্দেশ্যে বলেন, “জয় বাংলা, জয় বাংলা’ করে আপনাদের চোখে জয় বাংলা হয়ে গেল। আর অনুব্রত মেয়ের নামে ১৭ কোটি হয়ে গেল। জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে টিউশনি পড়িয়ে তিন কোটি টাকা জমিয়ে ফেলল।”
তৃণমূল নেত্রীর উদ্দেশ্যে হুঁশিয়ারির সুরে সুকান্ত মজুমদার বলেন, “২০১৯ সালের মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, মোদীর কোমরে দড়ি পরাবেন। দিদি দেখতে থাকুন সেই ঘুরে আপনার কোমরেই পরানো হবে। দিদির কোমরে দড়ি পরানোর সময় চলে এসেছে। সবে দুটো তিনটে উইকেট পড়েছে, তাতেই অবস্থা খারাপ। চিন্তা করবেন না প্রতি মাসে মাসেই উইকেট পড়বে।”

