বিশেষ প্রতিনিধি, আমাদের ভারত, ৩ ডিসেম্বর: কলকাতার পুরভোটে কেন্দ্রীয় বাহিনী চেয়ে এবার মামলা হচ্ছে সুপ্রিম কোর্টে। রাজ্য বিজেপি এবার সর্বোচ্চ আদালতে মামলা করছে। শুক্রবার এই কথা জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
আগেই কলকাতার পুর নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর দাবি জানিয়েছে বিজেপি। রাজ্য নির্বাচন কমিশনে এই দাবি লিখিত আকারে জানিয়েছেন বিজেপির রাজ্য নেতৃত্ব। তাদের মতে কলকাতায় কেন্দ্রীয় বাহিনী ছাড়া অবাধ ভোট সম্ভব নয়। অবাধ ভোটের জন্য কেন্দ্রীয় বাহিনীর দাবি নিয়ে রাজ্য বিজেপি নেতারা রাজ্যপাল জাগদীপ ধনকারের দ্বারস্থ হয়েছিলেন। কিন্তুু তারপরেও কেন্দ্রীয় বাহিনী নিয়ে কমিশনের তরফে কোনও আশ্বাসবাণী জোটেনি বিজেপি নেতৃত্বর। কমিশনের কর্তারাও কেন্দ্রীয় বাহিনী নিয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে কিছু বলেননি। তারা সর্বদলীয় বৈঠকে
শুধু বলেছেন কঠোর নিরাপত্তা থাকবে ভোটে। তাই কমিশনের তরফে কনো আশ্বাস না মেলায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে বিজেপি। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, আমাদের রাজ্য পুলিশের উপর কোনও ভরসা নেই। রাজ্য পুলিশ দিয়ে অবাধে ভোট হয় না। তাই আমরা বাধ্য হয়ে আদালতের দ্বারস্থ হচ্ছি। সূত্রের খবর সর্বোচ্চ আদালতে মামলাটি ফাইল হয়েছে। তবে মামলাটি আদালতে গৃহীত হয়নি।

