১৯ দিনের মধ্যে কোভিড আবহে শুক্রবারই জয়েন্টের ফলপ্রকাশ

রাজেন রায়, কলকাতা, ৫ আগস্ট: করোনা অতিমারীর সমস্ত সমস্যা কাটিয়ে ১৭ জুলাই হয়েছিল জয়েন্টের পরীক্ষা। ঠিক তার ১৯ দিনের মাথায় ফল প্রকাশিত হচ্ছে শুক্রবার। বেলা আড়াইটেয় ফল ঘোষণা করবে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। দুপুর সাড়ে ৩টের পর ওয়েবসাইটে দেখা যাবে ফল। www.wbjeeb.nic.in ও www.wbjeeb.in 
ওয়েবসাইটে ফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা।

মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষা বাতিল করা হলেও এটি প্রবেশিকা পরীক্ষা হওয়ায় বাতিল করা হয়নি। তাই এই মহামারীর মধ্যেও প্রথম পরীক্ষাকেন্দ্রে বসে খাতায় কলমে পরীক্ষা দেন পড়ুয়ারা। ৯২ হাজার ৬৯৫ জন পরীক্ষার্থী ছিলেন এবার। কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে এবার বাড়ানো হয়েছিল পরীক্ষাকেন্দ্রের সংখ্যাও। কলকাতা-সহ রাজ্যের ২৭৪টি কেন্দ্রে এবার পরীক্ষাগ্রহণ করা হয়।

প্রথমে কথা ছিল ১১ জুলাই রাজ্য জয়েন্টের পরীক্ষা হবে। কিন্তু কোভিড পরিস্থিতির কারণে তাতে পরিবর্তন আসে। তবে প্রথম থেকেই বোর্ডের তরফে জানানো হয়েছিল, পরীক্ষা যেদিনই হোক না কেন পরীক্ষা নেওয়া ও ফল প্রকাশ, সব মিলিয়ে গোটা পর্ব অগস্টেই শেষ করা হবে। সেই মতোই এবার ১৯ দিনের মাথায় শুক্রবার রাজ্য জয়েন্টের ফল প্রকাশের দিন ঘোষণা। সেপ্টেম্বরের মধ্যেই কাউন্সেলিং পর্বও শেষ হওয়ার কথা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *