আমাদের ভারত, জলপাইগুড়ি, ২ মার্চ: লোকসভা ভোটকে কেন্দ্র করে জলপাইগুড়িতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা হতে চলছে। শনিবার সাংবাদিক বৈঠক করে একথা জানালেন বিজেপির জেলা সভাপতি বাপী গোস্বামী। আগামী ৯ কিংবা ১০ মার্চ শিলিগুড়ি লাগোয়া জলপাইগুড়ি জেলায় হতে চলছে এই জনসভা।
প্রসঙ্গত, ২০১৯- এর লোকসভা নির্বাচনের আগেও ময়নাগুড়িতে এসেছিলেন প্রধানমন্ত্রী। সার্কিট বেঞ্চ শুরুর কথা ঘোষণা করেছিলেন। এবারের জনসভায় উত্তরবঙ্গের জন্য কী ঘোষণা করেন প্রধানমন্ত্রী সেদিকে তাকিয়ে সকলে। অন্যদিকে লোকসভা ভোটকে কেন্দ্র করে হিন্দি, নেপালি ও বাংলা ভাষায় কেন্দ্র সরকারের কী কী প্রকল্প রয়েছে এবং জলপাইগুড়ির সাংসদ কী কী কাজ করেছেন সেই খতিয়ান তুলে ধরতে জেলার প্রত্যেকের বাড়ি বাড়ি প্রচার করবে বিজেপি। সব তথ্য তুলে ধরে বইও তুলে দেওয়া হবে জানালেন বাপীবাবু।
অন্যদিকে তিনি আরও বলেন, “আয়ুষ্মান সহ একাধিক প্রকল্পের সুবিধে রয়েছে কেন্দ্র সরকারের, সেই প্রকল্প চালু হয়নি। একশো দিনের ভুয়ো জব কার্ড দিয়ে কোথায় কত কোটি টাকা তোলা হয় সেগুলো তুলে ধরা হবে ব্লক ধরে ধরে।”

