১৯ ডিসেম্বর কলকাতা ও হাওড়া পুরভোটের সম্ভাবনা, ইঙ্গিত রাজ্য নির্বাচন কমিশনের

রাজেন রায়, কলকাতা, ৪ নভেম্বর: ১৮ মাসেরও বেশি সময় ধরে আটকে রয়েছে পুরসভা নির্বাচন। এর মধ্যে হয়ে গিয়েছে বিধানসভা নির্বাচন এবং একাধিক কেন্দ্রে উপনির্বাচন। তবে এবার ডিসেম্বর হতে পারে পুর নির্বাচন, এমনটাই নির্বাচন কমিশন সূত্রে খবর।

সূত্রের খবর, ১৯ ডিসেম্বর এক দফায় হতে পারে কলকাতা ও হাওড়ার পুরসভার ভোট। ইভিএম মেশিনেই হবে দুই পুরসভার ভোট। ফলাফল ঘোষণা হতে পারে ২২ ডিসেম্বর। আগামী ৮ নভেম্বর বিজ্ঞপ্তি জারির সম্ভাবনা রয়েছে।

কলকাতা ও হাওড়া পুরসভার ভোটের পর ১১০টি পুরসভার নির্বাচন হওয়ার সম্ভাবনা। ২০২২ সালের জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে হতে পারে অন্যান্য পুরসভার নির্বাচন। তবে একদফায় নয়, বরং বেশ কয়েকটি দফায় করা হবে ১১০টি পুরসভার নির্বাচন।

নবান্ন সূত্রের খবর, এই পুরসভা নির্বাচন রাজ্য সরকার একটি দফাতেই শেষ করতে উচ্ছুক। যেহেতু নির্বাচনী খরচ রাজ্য সরকারকে প্রাথমিক ভাবে বহন করতে হয়। সেই জায়গা থেকে আর্থিক ভাবে সরকার কতটা প্রস্তুত, তা নিয়েই থেকে যাচ্ছে প্রশ্ন। লক্ষ্মীর ভান্ডার সহ বেশ কয়েকটি প্রকল্পে রাজ্য সরকার বহু টাকা বরাদ্দ করে ফেলেছে। এক দফায় নির্বাচন হলে সেই বিপুল পরিমাণে খরচ কিছুটা হলেও কমানো সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সমস্ত দিক বিবেচনা করেই রাজ্য সরকার সিদ্ধান্ত নিতে চাইছে বলে নবান্ন সূত্রে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *