জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১৬ জানুয়ারি: মেদিনীপুর মেডিকেল কলেজে গত কয়েকদিনে একাধিক সিনিয়র চিকিৎসক ও নার্স সহ প্রায় দুশো জন স্বাস্থ্য কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। তারমধ্যে সুস্থ হয়ে কাজে যোগ দিয়েছেন পঞ্চাশ জন। দেড়শ জন রয়েছেন আইসোলেশনে। এর ফলে চিকিৎসা পরিষবা ব্যাহত হওয়ার বিষয়টি মানছেন মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা: পঞ্চানন কুন্ডু এবং আইএম’ এর জেলা সম্পাদক ডা: কৃপাসিন্ধু গাঁতাইৎ।
অধ্যক্ষ জানান, কর্মী কম থাকায় বহির্বিভাগ থেকে যাদের অস্ত্রোপচারের জন্য চিহ্নিত করা হয় তাদের থাকার কোল্ড ওয়ার্ড সাময়িক বন্ধ রয়েছে। আপাতত তাদের জরুরি বিভাগের পাশে রাখা হচ্ছে। তিনি বলেন, করোনায় আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। শুক্রবার মৃত্যু হয়েছে দু’জনের। তাদের অবশ্য বিভিন্ন কো-মর্বিডিটি ছিল। গত আটচল্লিশ ঘণ্টায় পশ্চিম মেদিনীপুরে নমুনা পরীক্ষার সংখ্যা কমলেও সংক্রমিত হয়েছে ৫০৪ জন।
শনিবার সকালে স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত রিপোর্টে শুক্রবারের সংক্রমিতের সংখ্যা ২১১ ও দু’জনের মৃত্যুর কথা উল্লেখ করা হয়েছে। রবিবার সকালের রিপোর্টে বলা হয়েছে শনিবারের সংক্রমিতের সংখ্যা ২৯৩ জন। দুদিনই শুধুমাত্র খড়্গপুর ও মেদিনীপুর শহরেই একশো জন করে করোনায় আক্রান্ত হয়েছেন। সস্ত্রীক সংক্রমিত হয়ে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে রয়েছেন খড়গপুর গ্রামীণের বিধায়ক দিনেন রায়।

