সাথী দাস, পুরুলিয়া, ১ জুলাই: আজ থেকে নিষিদ্ধ হল পলিথিন ব্যবহার। আইনিভাবে সারা দেশের সঙ্গে পুরুলিয়াতেও সিঙ্গল ইউজ প্লাস্টিক বা একবার ব্যবহার করা যায়, এমন প্লাস্টিক নিষিদ্ধ হচ্ছে। আইন কার্যকর করতে সক্রিয় হল প্রশাসন।
স্থানীয় পুরসভা ও পুরুলিয়া সদর থানা যৌথ অভিযান চালায় পুর শহরে। এদিন অভিযানে কঠোর হতে দেখা গিয়েছে পুলিশকে। রাস্তায় জবরদখল তুলতেও কঠোর মনোভাব দেখায় পুলিশ।

এর আওতায় প্লাস্টিকের তৈরি অনেক জিনিস বন্ধ হয়ে যাবে। এতে দৈনন্দিন জীবনে ব্যবহৃত অনেক জিনিসও রয়েছে। যা আর দেখা যাবে না। কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রক সেই সমস্ত পণ্যগুলির একটি তালিকা প্রকাশ করেছে, যা নিষিদ্ধ করা হচ্ছে। এই নিয়ে দোকানদার, হাটে বাজারে সতর্ক করা হয়েছে পুরসভার পক্ষ থেকে।
আজকের যৌথ অভিযানে সক্রিয়ভাবে সামনের দিকে থাকা পুরুলিয়া পুরসভার চেয়ারম্যান নবেন্দু মাহালি বলেন, “সিঙ্গেল ইউজ প্লাস্টিক মানে প্লাস্টিকের তৈরি এমন জিনিস, যা আমরা একবার ব্যবহার করতে পারি বা ফেলে দিতে পারি এবং যা পরিবেশের ক্ষতি করে। সেগুলো ব্যবহার করা যাবে না। করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

