জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৬ জুন:
মেয়ের জন্মদিনে রক্তদান শিবিরের আয়োজন করে সমাজ সেবা শুরু করলেন মা। শনিবার ছিল মেয়ে প্রতীচি ঘোষের আঠারোতম জন্মদিন। সেই উপলক্ষ্যে মেদিনীপুর শহরের সমব্যাথি নামক সংস্থার উদ্যোগে এবং কেশপুর ব্লাড ডোনার্স ফোরামের সহযোগিতায় তরুণ সংঘ ক্লাবে একটি রক্তদান শিবিরের আয়োজন করেন মা দ্বিপানিত্বা ঘোষ।

দ্বীপানিত্বা দেবী জানান, প্রতি বছরই মেয়ের বন্ধুদের নিয়ে গতানুগতিকভাবে জন্মদিন পালন করা হয়। এবছর মেয়ে নিজেই অন্যরকমভাবে তা পালন করতে চেয়েছিল। দ্বীপানিত্বা ঘোষ বলেন, তিনি কোনওদিন কোনও সমাজসেবামূলক কাজ সেভাবে করেননি। মেয়ের আবদারে সেই কাজ শুরু হল। বর্তমানে এই করোনা পরিস্থিতিতে যে রক্তের সঙ্কট দেখা দিয়েছে এবং বিভিন্ন জায়গাতে বহু সেমাজসেবী সংস্থা রক্তদান শিবির অনুষ্ঠিত করছে সেটা দেখেই তিনি কেশপুর ব্লক ব্লাড ডোনার্স ফোরামের ফারুক মল্লিকের সঙ্গে যোগাযোগ করেন এবং তার সংস্থার সহযোগিতায় এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে প্রায় সত্তর জন রক্তদান করেন। ভবিষ্যতে এরকম আরও নানান সমাজ সেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকবেন বলে জানিয়েছে প্রতীচির পরিবার।

