জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৭ ডিসেম্বর: মানুষ যাতে অনাহারে না থাকেন তার জন্য মা ক্যান্টিন প্রকল্প শুরু করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত ভোটের আগে কলকাতা সহ বিভিন্ন জেলায় এই ‘মা ক্যান্টিন’ প্রকল্প শুরু হয়ে গিয়েছিল। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের রামজীবনপুর পৌরসভা এলাকায় শুভ উদ্বোধন হল মা ক্যান্টিন প্রকল্পের। ৫ টাকার বিনিময়ে ভাত, ডাল, তরকারি, ডিম দেওয়া হয় এই ক্যান্টিনে। পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন জায়গার মতই এই প্রকল্পের সূচনা হল রামজীবনপুর পৌরসভায়। এই প্রকল্পের ফলে শহর এবং গ্রামীণ এলাকায় দুঃস্থ মানুষরা পেটপুরে খাবার পাবেন।

সোমবার এই প্রকল্পের শুভ সূচনা করলেন ঘাটালের মহকুমার শাসক এবং চন্দ্রকোনার বিধায়ক অরূপ ধারা। এছাড়া উপস্থিত ছিলেন রামজীবনপুর পৌরসভার সদস্যরা। ফিতে কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করার পর মা ক্যান্টিন প্রকল্পে খাবার পরিবেশন করলেন বিধায়ক এবং মহকুমা শাসক।
তবে রামজীবনপুরের মা ক্যান্টিনে ৫ টাকার বিনিময়ে নয়, বিনা পয়সায় মিলবে খাবার।রামজীবনপুরের এক বিশিষ্ট সমাজসেবী আব্দুল্লাহ খানের উদ্যোগেই বিনা পয়সায় মিলবে খাবার। তিনিই এর খরচা বহন করবেন।

