হাবড়ায় বিজেপির মণ্ডল সভাপতির বাড়ি লক্ষ্য করে বোমাবাজি, প্রতিবাদে থানা ঘেরাও করে বিক্ষোভ

আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ১৬ মার্চ:
সোমবার রাত এগারোটার কিছু পরে উত্তর হাবড়া লোকনাথ সরনী এলাকায় বোমাবাজিতে কেঁপে উঠলো এলাকা। বিজেপির পৌর উওর মন্ডলের সভাপতি ভাস্কর কুমার দাসের বাড়ি লক্ষ্য করে পরপর দুটি বোমা ছোড়া হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হাবড়া থানার আইসি গৌতম মিত্রের নেতৃত্বে বিশাল পুলিশ। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার প্রতিবাদে রাত ১২.৩০টা নাগাদ হাবড়ার বিজেপি কর্মীরা হাবড়া থানার মুল গেটের সামনে বসে বিক্ষোভ দেখায় এবং হাবড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

বিক্ষোভকারী বিজেপি কর্মীদের দাবি অবিলম্বে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে তা না হলে বৃহত্তর আন্দোলনের পথে নামবেন। মন্ডল সভাপতির অভিযোগ, রাজনৈতিক হিংসার কারনে তৃণমূলের পক্ষ থেকে এই বোমাবাজি করা হয়েছে, ভয় দেখিয়ে বিজেপিকে রোখা যাবে না জানান বিজেপি নেতা ভাস্কর দাস।

অভিযোগ অস্বীকার করে তৃণমূল নেতা নিলিমেশ দাস জানান, হাবড়ায় বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা হয়নি, তাই উচ্চ নেতৃত্বের কাছে টিকিট নিশ্চিত করতে নিজেরাই এই বোমাবাজির নাটক করছে। তবে আমরাও চাই পুলিশ এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করুক এবং আইনানুগ ব্যবস্থা নিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *