সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা,
২ ডিসেম্বর: ভারত- বাংলাদেশ সীমান্ত দিয়ে চলা আন্তর্জাতিক বাইক পাচার চক্রের এক পাণ্ডাকে গ্রেফতার করল পুলিশ। উদ্ধার হয় চারটে নম্বরহীন বাইক। বুধবার রাতে উত্তর ২৪ পরগনার পেট্রাপোল থানার পুলিশ স্থানীয় জয়ন্তীপুর এলাকা থেকে ধরে ওই ব্যক্তিকে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম রাজু মণ্ডল। সে ওই চক্রের পাণ্ডা। রাজুর একটি বাইক চুরির দল আছে বলে জানা গিয়েছে। এদিন ধৃতের বাড়ি হানা দিয়ে চারটি নম্বরহীন চোরাই বাইক উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, ধৃত রাস্তায় থাকা নম্বরহীন বাইক টার্গেট করত। নম্বরযুক্ত বাইকও তারা চুরি করত। চুরি করে প্রথমেই বাইকগুলির থেকে নম্বর তুলে দিত। যাতে কেউ নিজের বাইক চিনতে না পারে।
তদন্তকারীরা জানিয়েছেন, চুরি করা বাইক তারা ফিরোজপুর- ঝাউডাঙা সীমান্ত দিয়ে পাচার করত। বাংলাদেশ থেকে পাচারকারীরা এসে তাদের কাছ থেকে বাইক নিয়ে যেত। একটি বাইক বিক্রি করে ৩০-৪০ হাজার টাকা পেত। ধৃতকে বৃহস্পতিবার বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে বিচারক পুলিশি হেফাজতের নির্দেশ দেন।
পুলিশ জানিয়েছে, রাজুর কাছে বিভিন্ন বাইকের চাবি থাকে। সেই চাবি দিয়ে বাইকের লক খুলে বাইক নিয়ে পালায়। চুরি করা বাইক নিজের বাড়িতেই গোপনে রেখে দিত। পরে সুযোগ বুঝে পাচার করত। বাংলাদেশে এ দেশের বাইকের ভাল চাহিদা আছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, লকডাউনের জেরে সীমান্তে বিএসএফ ও পুলিশ কড়া নজরদারি চালাচ্ছে। ফলে গরু পাচার ও দু’দেশের মধ্যে বেআইনি মানুষ পারাপার কার্যত বন্ধ। তাই বেড়েছে বাইক পাচার। আংরাইল হাকিমপুর ও বাগদার সীমান্ত দিয়ে বাইক পাচার শুরু হয়েছে। সম্প্রতি বনগাঁ, বসিরহাট, বারাসত মহকুমাতে বাইক চুরির একাধিক ঘটনা ঘটেছে।

