আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৪ ডিসেম্বর: মাস্ক না পরে এবং সামাজিক দূরত্ব বজায় না রেখে বঙ্গধ্বনি কর্মসূচিতে অংশ নেওয়ায় নারায়ণগড়ের বিধায়ককে সবক শেখালেন স্থানীয়রা। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী রাজ্যের সমস্ত জেলায় বঙ্গধ্বনি যাত্রা কর্মসূচি শুরু করেছে তৃণমূল কর্মীরা। এই কর্মসূচির উদ্দেশ্য রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের প্রচার করা এবং বোঝানো ও মানুষের অভাব অভিযোগ শোনা। সেইমতো সোমবার পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের খাকুরদাতে বিধায়ক প্রদ্যুৎ ঘোষকে সাথে নিয়ে এলাকাবাসীদের কাছে পৌঁছায় বেশকিছু তৃণমূল কর্মী। তাদের কারও মুখে মাস্ক না থাকায় এবং কোনও সামাজিক দূরত্ব বজায় রাখা হয়নি দেখে এলাকাবাসীরা বিধায়ককে স্বাস্থ্য বিধি মানার নির্দেশ দেন।
বিধায়ক ভুল বুঝতে পারে এবং তার সঙ্গীদের মাস্ক পরতে বলেন ও সামাজিক দূরত্ব বজায় রাখতে বলেন।এদিনের কর্মসূচিতে মানুষ একাধিক সমস্যা নিয়ে বিধায়কের কাছে ক্ষোভ প্রকাশ করে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধায়ক প্রদ্যোৎ ঘোষ, শেখ কাউসার আলী, দেবব্রত চক্রবর্তী সহ অন্যান্য তৃণমূল নেতা-কর্মীরা।

