আশিস মণ্ডল, সিউড়ি, ৩০ মে: ব্যবসায়ীদের হিতকর কাজে হাত বাড়ালেন দুবরাজপুরের বিধায়ক, বিজেপির অনুপ সাহা। ব্যবসায়ীদের আবেদনে সাড়া দিয়ে রবিবার তাদের হাতে তুলে দিলেন একটি অক্সিজেন সিলিন্ডার, মাস্ক ও স্যানিটাইজার। আগামী দিনে পাশে থাকার আশ্বাস দেন তিনি। বিধায়কের এই সামাজিক কাজে খুশি ব্যবসায়ী থেকে এলাকার মানুষ।

বীরভূমের খয়রাশোল ব্যবসায়ী কল্যাণ সমিতি করোনা অতিমারির প্রথম থেকেই মানুষের সেবায় কাজ করে চলেছে। প্রথম দিকে করোনা আক্রান্ত মানুষের জন্য অক্সিজেন সিলিন্ডারের অভাব ছিল চূড়ান্ত। খয়রাশোলে ব্লক জুড়ে কোথাও মিলছিল না অক্সিজেন। ফলে প্রায় দশ কিলোমিটার দূর থেকে চড়া দাম দিয়ে অক্সিজেন জোগাড় করতে হয়েছে এলাকাবাসীদের। এলাকার মানুষের অক্সিজেনের জোগান দিতে খয়রাশোল ব্যাবসায়ী কল্যাণ সমিতি পাঁচটি অক্সিজেন সিলিন্ডার কিনে আনে। মানুষের অক্সিজেনের চাহিদার খবর পেলেই সেই অক্সিজেন কাঁধে চাপিয়ে পৌঁছে যাচ্ছেন করোনা আক্রান্ত রোগীর বাড়িতে। করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় তাতেও সংকুলান হচ্ছিল না। ফলে বিভিন্ন জনের কাছে অক্সিজেন সিলিন্ডার দেওয়ার আবেদন জানান তারা। সেই আবেদনে সাড়া দিয়ে রবিবার দুবরাজপুর বিধানসভার বিজেপি বিধায়ক অনুপ সাহা খয়রাশোল ব্যবসায়ী কল্যাণ সমিতির হাতে একটি অক্সিজেন সিলিন্ডার, এক হাজার মাস্ক ও কিছু স্যানিটাইজার তুলে দেন। সেই সঙ্গে তিনি নিজেই পথ চলতি মানুষ এবং ব্যবসায়ীদের হাতে মাস্ক বিতরণ করেন।

বিধায়ক বলেন, “আমি সীমিত ক্ষমতার মধ্যে কিছুটা সাহায্যের চেষ্টা করলাম। রাজনীতির ঊর্দ্ধে উঠে মানুষের হয়ে কাজ করতে চাই। সরকার আমাকে সাহায্য করলে এলাকার উন্নয়নের লক্ষ্যে এগিয়ে যাব”।
ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক দীনবন্ধু ঘোষ বলেন, “আমরা সমস্ত মানুষের কাছে সাহায্যের আবেদন করেছি। এগিয়ে এসেছেন বিধায়ক। এরকম আরও কিছু মানুষ এগিয়ে এলে আমরা এলাকার মানুষের পাশে সর্বদা থাকতে পারব”।

