প্রতীতি ঘোষ, ব্যারাকপুর, ৮ আগস্ট: “ত্রিপুরায় বিজেপির শেষের দিনের শুরু হয়ে গেল। ত্রিপুরায় ক্ষমতায় আসবে তৃণমূল। আর ব্যারাকপুরেও বিজেপিতে আজ যে ভাঙন ধরল তাতে ব্যারাকপুরে বিজেপির শেষের শুরু হয়ে গেল। ত্রিপুরাতে তৃণমূলের ওপর চলা হামলার ঘটনার প্রতিবাদে আয়োজিত প্রতিবাদ সভায় অংশ নিয়ে এমনই মন্তব্য করলেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এই প্রতিবাদ সভাতেই অর্জুন গড়ে জগদ্দলে বিজেপিতে ভাঙ্গন ধরিয়ে তৃণমূলে যোগ দিলেন ব্যারাকপুরের সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক সহ বিজেপি কর্মীরা।
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ পরবর্তীতে তৃণমূল মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য, সুদীপ রাহা, জয়া দত্ত সহ বেশ কয়েকজন বিজেপি শাসিত রাজ্য ত্রিপুরায় গিয়ে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হওয়ার প্রতিবাদে মামুদপুর আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রবিবার নৈহাটির রাজেন্দ্রপুর মোড় সংলগ্ন এলাকায় এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এই প্রতিবাদ সভায় উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক ছাড়াও উপস্থিত ছিলেন নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক, জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম সহ অন্যান্য তৃণমূল নেতারা।
এই প্রতিবাদ সভায় বিজেপিতে ভাঙন ধরিয়ে ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক পার্থসারথি পাত্র সহ শতাধিক বিজেপি কর্মী যোগ দিল তৃণমূলে। এদিন জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, “ত্রিপুরায় বিজেপির শেষের শুরু হয়েছে। বিপ্লব দেব আমাদের দলের তিনটে বাচ্চা ছেলে মেয়েকে দেখে ভয় পাচ্ছে। ত্রিপুরার গণতন্ত্র তৃণমূল কংগ্রেস পুনরুদ্ধার করবে। আর বিজেপি ছেড়ে তৃণমূলে আসার হিড়িক পরে গেছে। আমরা বিজেপি কর্মীদের দলে নেব কিন্তু নেতাদের সম্পর্কে সিদ্ধান্ত নেবে উচ্চ নেতৃত্ব।”

